বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নে সহায়তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে পরিবর্তন আনা দরকার। দরকার বাংলাদেশি পণ্যকে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্তসুবিধা দেওয়ার। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত একরামুল কাদের গত বুধবার ওয়াশিংটনের ক্যাপিটল হিল ভবনে ‘প্রমোটিং ডেভেলপমেন্ট থ্রু ট্রেড: দ্য নিড ফর ট্রেড প্রেফারেন্স’ শীর্ষক এক প্যানেল আলোচনায় এসব কথা বলেন। খবর ইউএনবির।একরামুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। ২০১০ সালে যুক্তরাষ্ট্রে ৪২৭ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করলেও যুক্তরাষ্ট্র সরকার ৬৫ কোটি ২০ লাখ ডলার আদায় করেছে তাদের আমদানি শুল্ক হিসেবে।তিনি আরও বলেন, একই সময়ে যুক্তরাজ্য থেকে পাঁচ হাজার কোটি ডলার আমদানির বিপরীতে মাত্র ৩৫ কোটি ১০ লাখ ডলার আদায় করা হয়েছে আমদানি শুল্ক বাবদ, যা অন্যায্য। একরামুল কাদের বাংলাদেশে বর্তমান সরকার যে গণতন্ত্র উন্নয়নে ও সন্ত্রাস দমনে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে, তা-ও উল্লেখ করেন। তিনি দুই দেশের মধ্যে বন্ধুপ্রতিম সম্পর্কের কথাও তুলে ধরেন এবং বাংলাদেশি পণ্যকে শুল্কমুক্তসুবিধা দিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনায় যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য রন কাইন্ড বাংলাদেশের রাষ্ট্রদূতের এ বক্তব্যকে সমর্থন জানান। অক্সফাম আমেরিকা, ইউএস চেম্বার অব কমার্স, হেরিটেজ ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি ইনস্টিটিউটসহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও এ প্যানেল আলোচনার আয়োজন করে।প্যানেল আলোচনায় অংশ নেন ট্রেড, এইড অ্যান্ড সিকিউরিটির (টিএএসএ) বামা আথারিয়া, সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের ইডি গ্রেসার, সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের কিম ইলিয়ট প্রমুখ।প্যানেল আলোচকেরা বাংলাদেশসহ গরিব দেশের জন্য শুল্কমুক্তসুবিধা দিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি দাবি জানান।