বাংলাদেশকে নিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী নেপাল
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে তিন হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী নেপাল। ট্রানজিটের আওতায় দেশটি মংলা বন্দরও ব্যবহার করতে চায়।সচিবালয়ে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে নেপালি অর্থমন্ত্রী বর্ষা মান পুন এ দুটি প্রস্তাব দেন। বৈঠকের পর মুহিত সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য হিমালয়কন্যা নেপাল বিশাল সম্ভাবনাময় এক দেশ। কিন্তু বিনিয়োগের অভাবে দেশটি এ ব্যাপারে তেমন কিছুই করতে পারছে না। নেপাল চায়, মূলধনি অংশীদারের (ইক্যুইটি পার্টনার) ভিত্তিতে দুই দেশ মিলে একটি জলবিদ্যুৎকেন্দ্র স্থাপিত হোক। উৎপাদিত বিদ্যুৎ ভাগাভাগি হবে উভয় দেশের মধ্যে। শুধু নেপাল নয়, ভুটানের সঙ্গেও একই পদ্ধতিতে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা চিন্তা করা হচ্ছে বলেও জানান মুহিত। অর্থমন্ত্রী বলেন, নেপাল, ভারত ও ভুটানের সঙ্গে ট্রানজিট প্রসঙ্গ; বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ এবং পানিসম্পদ উন্নয়নের ব্যাপারে নেপালি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, ‘নেপাল আমাদের মংলা বন্দর ব্যবহার করতে চায়। বন্দর পর্যন্ত তাদের ট্রাক আসবে। আমরাও চাই আসুক। কিন্তু মাঝখানে ভারতের ১৭ কিলোমিটার রাস্তার অবকাঠামো তত ভালো নয়।’নেপালের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে শিগগির যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) একটি বৈঠক ডাকা হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘দেশটির সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা এবং এর পেছনের অন্তরায়গুলো খতিয়ে দেখতে বাণিজ্যসচিব শিগগিরই নেপাল যাবেন।’ট্রানজিট চালুর কথা রয়েছে—এমন সব দেশেই কোর কমিটির প্রতিবেদনটি পাঠানো হবে। আর, সবকিছু ঠিকঠাক করা হবে দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে।অর্থমন্ত্রী বলেন, ‘আগামী মার্চে ভারতের সঙ্গে ট্রানজিট-সংক্রান্ত নৌ-প্রটোকলের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই ট্রানজিট মাশুল চূড়ান্ত করতে চাই। এর মধ্যে যদি চূড়ান্ত সিদ্ধান্তে না আসা যায়, তাহলে নৌ-প্রটোকল বর্তমানে যা আছে, তা-ই থাকবে। এক প্রশ্নের জবাবে ট্রানজিট বিষয়ে গঠিত কোর কমিটির সুপারিশের ভিত্তিতে মাশুল (ফি) নির্ধারণ করা হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এই মাশুল এমনভাবে নির্ধারিত হওয়া উচিত, যাতে সব দেশই লাভবান হয়।অর্থমন্ত্রী বলেন, আপেলসহ কিছু ফল এবং কৃষিজাত পণ্যে শুল্ক ছাড় পেতে চায় নেপাল। নেপালের অর্থমন্ত্রী মৌখিকভাবে তাঁকে বলেছেন। বাংলাদেশের পক্ষ থেকে ভুটানের জন্য ইতিমধ্যেই কিছু শুল্ক ছাড় দেওয়া হয়েছে। নেপালের ক্ষেত্রেও তা-ই হতে পারে।