বাংলাদেশকে পরামর্শ দিচ্ছে ফিলিপাইনের ব্যাংক আরসিবিসি!

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থের যে অংশটি ফিলিপাইনে চলে গিয়েছিল, সেটি ফেরত পেতে এখন বাংলাদেশকে পরামর্শ দিতে শুরু করেছে দেশটির বেসরকারি রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)। ব্যাংকটিকে এ ঘটনার দায়ে কয়েক দিন আগে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ১০০ কোটি পেসো বা ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা করেছে।
জরিমানার পর এখন নীতিনির্ধারণী পর্যায়ের পরামর্শ দিতে শুরু করেছে আরসিবিসি। অর্থ ফেরত পেতে তদন্ত অব্যাহত রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে ব্যাংকটির পক্ষ থেকে। সেই সঙ্গে তদন্তের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ার আইয়ের সঙ্গে চুক্তি নবায়নেরও পরামর্শ দেওয়া হয়েছে।
আরসিবিসির আইনি পরামর্শক থিয়া টি দায়েপ গত রোববার এক বিবৃতিতে এ পরামর্শ দেন। ফিলিপাইনের অনলাইন সংবাদমাধ্যম ‘বিজনেস ওয়ার্ল্ড’-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনে। বাকি ২ কোটি ডলার গেছে শ্রীলঙ্কায়। আর এই অর্থ স্থানান্তর করা হয়েছে আরসিবিসির মাধ্যমেই।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চুরি যাওয়া অর্থের যে অংশটি শ্রীলঙ্কায় গেছে, ইতিমধ্যে তা ফেরত চলে এসেছে। তবে ফিলিপাইনে যাওয়া অর্থের সিংহভাগই এখনো ফেরত পাওয়া যায়নি।
রিজার্ভ চুরির ওই ঘটনার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ফরেনসিক তদন্তের দায়িত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ফায়ারআইকে। গত জুলাইয়ে ফায়ার আইয়ের সঙ্গে চুক্তি শেষ হয় বাংলাদেশ ব্যাংকের।
আরসিবিসির আইনি পরামর্শক বলেন, ‘ফিলিপাইনের সরকারের সাহায্য চাওয়ার আগে বাংলাদেশের উচিত ফিলিপাইন সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা, যেখানে বাংলাদেশে আসলে কী ঘটেছিল, তার বিস্তারিত বর্ণনা থাকবে।’
থিয়ার দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, ‘কী এমন ঘটেছিল যে তারা নিজেরাই তা জানতে চায় না। তবে যা ঘটেছিল, তা অবশ্যই জনগণকে জানানো উচিত। তারা শুধু বলছে, এ ঘটনায় তারা ভুক্তভোগী এবং অর্থ ফেরত পেতে চাচ্ছে। অথচ ঘটনার শুরুটা হয়েছিল তাদের অবহেলার কারণে।’
আরসিবিসির আইনি পরামর্শক দায়েপ বলেছেন, বাংলাদেশ ব্যাংক ‘নিকৃষ্ট’ ও ‘সস্তা’ সার্ভার সিস্টেম ব্যবহার করেছে। সেখানে কোনো প্রতিরোধক বা ফায়ারওয়াল ছিল না। এ কারণে হ্যাকাররা সহজে সাইবার নিরাপত্তাব্যবস্থা ভেঙে অর্থ সরিয়ে নিতে পেরেছেন।
আরসিবিসির আইনি পরামর্শকের বিবৃতি ও বক্তব্য সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা গত রাতে প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকটির পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি। তাই এ বিষয়ে আমাদের মন্তব্য করারও কিছু নেই।’
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ চুরির অর্থ স্থানান্তরের দায়ে আরসিবিসিকে যে জরিমানা করেছে, তা এক বছরের মধ্যে দুই সমান কিস্তিতে পরিশোধ করা হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।
{প্রতিবেদনটি ফিলিপাইনের অনলাইন বিজনেস ওয়ার্ল্ডের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি}