বাংলাদেশকে প্রায় ৬ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে বিদ্যুৎ খাতের আধুনিকায়নে বিশ্বব্যাংক ৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে; যা স্থানীয় মুদ্রায় প্রায় ৪৮৪ কোটি টাকার সমান (প্রতি ডলার ৮২ টাকা হিসাবে)।

বিশ্বব্যাংক গত বুধবার এই অর্থ অনুমোদন করেছে। ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সঞ্চালন পর্যন্ত এই খাতের পুরো ব্যবস্থায় বিশ্বাসযোগ্যতা ও দক্ষতা বাড়াতে বাংলাদেশকে এমন আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

বিদ্যুৎ ব্যবস্থায় বিশ্বস্ততা ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যয় করা হবে বিশ্বব্যাংকের অর্থ। এ জন্য বিদ্যুৎ বিভ্রাট, ঘাটতি এবং উৎপাদন খরচ কমানোয় জোর দেওয়া হবে। নতুন সফটওয়্যার ও হার্ডওয়্যার চালু করাসহ বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার আধুনিকায়ন ও সঞ্চালন ব্যবস্থায় উন্নয়নের মাধ্যমে লক্ষ্যটি অর্জন করা হবে।

এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, ‘বাংলাদেশ গত পাঁচ বছরে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ প্রায় দ্বিগুণ করে ক্রমবর্ধমান চাহিদা মিটিয়েছে। তা সত্ত্বেও আমাদের চলতি ২০১৭ সালের ডুয়িং বিজনেস প্রতিবেদনে বাংলাদেশ ১৯০টি দেশের মধ্যে ১৮৭তম স্থানে অবস্থান করছে।’

চিমিয়াও ফান আরও বলেন, এই প্রকল্প সার্বিকভাবে বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিরাজমান সমস্যার সমাধান ও আধুনিকায়নে সহায়ক হবে।

বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (আইডিএ) ৯ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছর মেয়াদে বাংলাদেশকে এই ঋণ দেবে। বিজ্ঞপ্তি