ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের সিদ্ধান্ত দেশটিতে বাংলাদেশের মতো দেশগুলোর রপ্তানিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করে দ্য কমনওয়েলথ। সংস্থাটির হিসাবে, যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা না পেলে বাংলাদেশকে বছরে ২২ কোটি পাউন্ড বা ২ হাজার ৩০০ কোটি টাকার শুল্ক দিতে হবে। কমনওয়েলথ সচিবালয় প্রকাশিত ট্রেড হট টপিকস গবেষণা সিরিজের সর্বশেষ সংস্করণে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে যুক্তরাজ্যের বাজারে ৩৮১ কোটি মার্কিন ডলার বা ৩০ হাজার কোটি টাকা মূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। কমনওয়েলথের হিসাব বিবেচনায় নিলে যুক্তরাজ্যে বাংলাদেশের মোট রপ্তানির ৮ শতাংশই ভবিষ্যতে শুল্ক পরিশোধে ব্যয় হবে। সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ৫৩টি স্বাধীন দেশের আন্তর্জাতিক জোট হলো কমনওয়েলথ।
গবেষণা প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমনওয়েলথ সচিবালয়। এতে বলা হয়েছে, ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যে কমনওয়েলথভুক্ত ৩৬টি উন্নয়নশীল দেশের রপ্তানি নতুন অনিশ্চয়তায় পড়বে। ইইউর বাজারে পণ্য রপ্তানিতে উন্নয়নশীল দেশগুলো এখন যে সুবিধা পায়, সেটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে বর্তমান বিশ্বের চলমান অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার সম্ভাবনাও দুর্বল হবে।
কমনওয়েলথ সচিবালয়ের বৈদেশিক বাণিজ্যনীতি বিভাগের প্রধান মোহাম্মদ রাজ্জাক বলেন, ব্রেক্সিট আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন চুক্তিকে একটি অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলবে। ইইউর সঙ্গে যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় বাণিজ্য এর কারণে যেমন অনিশ্চয়তায় পড়বে, একইভাবে অনিশ্চয়তায় পড়বে যুক্তরাজ্যের সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সম্পর্কও। বাংলাদেশ, মরিশাস, সোয়াজিল্যান্ডের মতো দেশের রপ্তানি এ কারণে ১০ শতাংশ কমে যেতে পারে।
বাংলাদেশ সম্পর্কে মোহাম্মদ রাজ্জাক আরও বলেন, যুক্তরাজ্য যদি বাংলাদেশকে ইইউর মতো রপ্তানি সুবিধা না দেয়, তাহলে দেশটিকে শুধু শুল্ক হিসেবে ২২ কোটি পাউন্ড দিতে হবে। এই শুল্ক দেশটির তৈরি পোশাক খাতের ৪০ লাখ শ্রমিককে নতুন অনিশ্চয়তায় ঠেলে দেবে।