বাংলাদেশকে বিশ্বে শান্তির বিপণন করতে বললেন ফিলিপ কটলার
উত্তেজনাপূর্ণ ও সমস্যাবহুল বিশ্বে কীভাবে শান্তির বিপণন করা যায়, বাংলাদেশ সেটা সারা বিশ্বকে শেখাতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাপী বিপণন-গুরু হিসেবে খ্যাত অধ্যাপক ফিলিপ কটলার।তিন দিনব্যাপী বিশ্ব বিপণন সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ফিলিপ কটলার এ মন্তব্য করেন। গতকাল শনিবার দুপুরে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠিত হয়। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে গতকাল এই আন্তর্জাতিক আয়োজন আনুষ্ঠানিকভাবে শেষ হয়।২০১৩ সালের ১ মার্চ ঢাকায় বিশ্ব বিপণন সম্মেলনের দ্বিতীয় আসরও ঢাকায় অনুষ্ঠিত হবে বলে সমাপনী অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছে। বিপণনের মাধ্যমে উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১ মার্চ ঢাকায় শুরু হয় বিশ্ব বিপণন সম্মেলনের প্রথম আসর। ফিলিপ কটলার প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড মার্কেটিং সামিট লিমিটেডের উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সমাপনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা ফিলিপ কটলার বলেন, বাংলাদেশকে এই সম্মেলনের জন্য নির্বাচন করার কারণ হচ্ছে এখানকার অনেক ব্যক্তিই সুখ্যাতি অর্জন করেছেন। কিন্তু তাঁদের সম্পর্কে বিশ্ববাসী ঠিকমতো জানে না। আবার অনেকেই ব্যক্তিকে চেনেন অথচ এই দেশ সম্পর্কে খুব একটা জানেন না। বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁর প্রবর্তিত ক্ষুদ্রঋণ কার্যক্রম দরিদ্র মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছে। তাদের জন্য সুযোগ তৈরি করেছে। এই বিপণন সম্মেলনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের সামাজিক উন্নয়ন সম্পর্কে জানতে পারবে বলে মনে করেন ফিলিপ কটলার। তিনি বাংলাদেশের অগ্রগতির উপায় হিসেবে এ দেশের অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। গত বছর জুলাই মাসে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ফিলিপ কটলার। তখনকার অভিজ্ঞতা উল্লেখ করে কটলার বলেন, ‘বাংলাদেশ খুব শান্তিপ্রিয় দেশ। গতবার বাংলাদেশে এসে আমি প্রেমে পড়ে গেছি। বাংলাদেশ সারা বিশ্বে শান্তির বিপণন করতে পারে। বর্তমান বিশ্ব শুধু উত্তেজনা আর সমস্যায় পরিপূর্ণ। এই বিশ্বকে কীভাবে শান্তির বিপণন করতে হয় তা বাংলাদেশ শেখাতে পারে।’এই বিপণন-গুরু বলেন, ‘বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ক্রমেই বাড়ছে। পাশাপাশি দেশটি শান্তিপ্রিয়। সব মিলিয়ে আমি আশা করব বাংলাদেশ জিডিপি এবং মোট দেশজ সন্তুষ্টি (জিডিএইচ) দুই পর্যায়েই অনেক ওপরে অবস্থান করবে।’‘বাংলাদেশ কোন উপায়ে এগিয়ে যাচ্ছে সে বিষয়টি বিশ্ব জানুক’—এই উক্তির মধ্য দিয়েই বক্তব্য শেষ করেন ফিলিপ কটলার।সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বাংলাদেশসহ সব দেশের সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কার্যকর উপায় হতে পারে। বিপণন সম্মেলনে যেসব ইনকিউবেটর ঠিক করা হয়েছে সেগুলো বিভিন্ন সমস্যা সমাধানের দিকনির্দেশনা খুঁজে বের করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হুমায়ুন কবির বলেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়া স্বাস্থ্যবিমা চালু করারও পরিকল্পনা করা হচ্ছে। ইনকিউবেটরদের উদ্দেশে সচিব বলেন, নগর, বস্তি ও পোশাককর্মীদের মধ্যে স্বাস্থ্যসেবার মান তেমন ভালো নয়। এসব জায়গায় ইনকিউবেটর কাজ করতে পারে।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বিপণন এখন আর উন্নয়নের বিষয় নয়, এটা এখন সামাজিক বিষয়।চাহিদাভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শিক্ষাসচিব বলেন, এ জন্য সরকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের ওপর জোর দিচ্ছে। তিনি বলেন, দক্ষতা উন্নয়নের জন্য সরকার জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল গঠন করেছে। কারণ ২০টি মন্ত্রণালয় পৃথকভাবে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেয়। কিন্তু এতে কোনো সমন্বয় থাকত না।অনুষ্ঠানে ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের চেয়ারম্যান ফারহাত আনোয়ার এবারের সম্মেলনের ঢাকা ঘোষণা উপস্থাপন করেন।সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিকবিষয়ক অনুবিভাগের মহাপরিচালক সফিউর রহমান ও ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন বক্তব্য দেন।তিন দিনের এই বিপণন সম্মেলনে ৫০টির বেশি অধিবেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল সাধারণ ও প্যানেল অধিবেশন। এ ছাড়া কয়েকটি ইনকিউবেটর অধিবেশনও অনুষ্ঠিত হয়েছে। এসব অধিবেশনে বক্তৃতা করেন বিভিন্ন দেশের খ্যাতিমান সব বিপণন ও ব্র্যান্ডিং বিশেষজ্ঞ এবং খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা। তা ছাড়া এই ব্যক্তিরা বিভিন্ন সময় গণমাধ্যমের সামনে ব্রিফিংও করেন। এসব বিশেষজ্ঞের আলোচনায় মূলত প্রাধান্য পেয়েছে সামাজিক বিপণনের বিষয়টি।