বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিতে যাচ্ছে থাইল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের কাছ থেকে বাংলাদেশ কয়েকটি পণ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পেতে যাচ্ছে। থাই সরকারও এতে নীতিগত সমর্থন দিয়েছে। এক মাসের মধ্যে সম্ভাব্য পণ্যের তালিকাসহ বাংলাদেশ এ বিষয়ে একটি প্রস্তাব থাইল্যান্ডে পাঠাবে।বাংলাদেশ ও থাইল্যান্ড সরকারের শীর্ষ পর্যায় থেকে ২০১৬ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে ‘ফোকাস অ্যাকশন প্ল্যান’ বা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় শুল্কমুক্ত এ সুবিধা দেওয়া হচ্ছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার তৃতীয় যৌথ বাণিজ্য কমিটির (জেটিসি) মন্ত্রী পর্যায়ের সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে সর্বশেষ ১৯৮৯ সালে ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়েছিল।বাংলাদেশের পক্ষে বৈঠকে বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল যোগ দেয়। আর থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী বনসং টেরিয়াপিরম নেতৃত্ব দেন।

গত বছরের ডিসেম্বরে থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বাংলাদেশ সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রী বাণিজ্য বাড়ানো ও বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একমত হন। সে সময় তাঁরা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ফোকাস অ্যাকশন প্ল্যান তৈরি করতে একমত হন।বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অ্যাকশন প্ল্যানে পাঁচটি বিষয় ঠাঁই পেয়েছে। এর মধ্যে আছে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো। এর আওতায় থাইল্যান্ডের কাছ থেকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। আবার বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বস্ত্র, খাদ্য প্রক্রিয়াকরণ, ওষুধ, কৃষি, কৃষিভিত্তিক শিল্প স্থাপন, বিদ্যুৎ খাতের উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী থাইল্যান্ড। বিনিয়োগের পরিধি বাড়ানোর কথাও পরিকল্পনায় রয়েছে। দুই দেশের ব্যবসায়ীদের অভিজ্ঞতা ও সুযোগ-সুবিধার ভিত্তিতে যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

বৈঠকে বিনিয়োগ বাড়াতে সরকারি তত্ত্বাবধানে বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে যৌথ কর্মগ্রুপ (জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ) গঠনের সিদ্ধান্তও হয়েছে।

২০১১ সালে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১২০ কোটি ডলার। এটি ২০১০ সালের চেয়ে ৩৮ শতাংশ বেশি। তবে ২০১২ সালে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ কমে গেছে।