বাংলাদেশকে সতর্ক করেছে ইউরোপীয় পার্লামেন্ট
শ্রম অধিকার নিয়ে বাংলাদেশকে আবারও সতর্ক করেছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। পোশাকশ্রমিকদের নির্যাতন ও শোষণ বন্ধে বাংলাদেশকে পার্লামেন্ট কঠোর পদক্ষেপ নিতে বলেছে। তা না হলে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) বাধাগ্রস্ত হতে পারে।
গত বুধবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে গ্রহণ করা প্রস্তাবটিতে এই সতর্কতা প্রতিফলিত হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের পোশাকশ্রমিকদের অধিকাংশই কম বয়সী নারী। তাঁরা দীর্ঘ কর্মঘণ্টা, কম মজুরি, অনিশ্চয়তা ও বিপজ্জনক পরিবেশে কাজ করেন। শ্রমিকনেতারাও প্রায়ই নির্যাতনের শিকার হোন।
ইউরোপীয় পার্লামেন্টে বুধবারের গৃহীত প্রস্তাবটি তৈরি করেছে ইইউর আন্তর্জাতিক বাণিজ্য কমিটি (আইএনটিএ)।
আইএনটিএর দক্ষিণ এশিয়াবিষয়ক রিপোটিয়ার সাজ্জাদ করিম এক বিবৃতিতে বলেছেন, ‘আইএনটিএর দক্ষিণ এশিয়ার তদারকি গ্রুপের প্রধান হিসেবে আমি বাংলাদেশের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করেছি। তবে তারা (বাংলাদেশ) কথা শুনছে না। আমরা প্রতিবছর বিষয়গুলো নজরে এনে বিবৃতি দেব না। জিএসপি অব্যাহত রাখার ক্ষেত্রে বাস্তবসম্মত অগ্রগতি দেখতে চাই আমরা।’
সাজ্জাদ করিম বলেন, ‘মানবিক, শ্রমিক ও পরিবেশগত অধিকারের বিষয়ে আমাদের ব্যবসায়িক অংশীদারেরা কতটুকু শ্রদ্ধাশীল, সে বিষয়ে আমাদের বাণিজ্য নীতিটি খুবই শক্তিশালী।’
আইএনটিএর সভাপতি ব্রেন্ড ল্যানজি বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উন্নতি করেছে। তবে শ্রম অধিকার নিয়ে এখনো সমস্যা আছে। বাংলাদেশের সাসটেইনেবল কমপ্যাক্ট বাস্তবায়নে যথেষ্ট উন্নতি না হওয়ার বিষয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন।’
ইপির সদস্যরা বাংলাদেশের পোশাক খাতের সাসটেইনেবল কমপ্যাক্ট বাস্তবায়নে কয়েকটি উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তার মধ্যে অন্যতম, বাংলাদেশ সরকারকে শ্রম আইন সংশোধন করতে হবে যাতে করে শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা ও দর-কষাকষি এবং শ্রম পরিদর্শকের সংখ্যা বৃদ্ধি নিশ্চিত হয়। ক্রেতাদের জোট অ্যাকর্ডের সময় বাড়াতে হবে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম জোরদার করার পাশাপাশি শোভন কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।