বাংলাদেশকে সহায়তা দিয়ে গর্বিত ডিএফআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য বিমোচন ও মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার পথে বাংলাদেশকে সহায়তা করতে পেরে যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) গর্বিত।
যুক্তরাজ্যে ডিএফআইডির স্থায়ী সচিব মার্ক লুকক ঢাকায় দুই দিনের সফর শেষে এ বিবৃতি দেন। যুক্তরাজ্যের হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
মার্ক লুকক বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন-সহযোগী হলো যুক্তরাজ্য। দুই দেশের মধ্যে সুসংহত দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, ব্রিটেনের অর্থে দরিদ্র মানুষের জীবনমানের উন্নতি হচ্ছে। বিপুলসংখ্যক ছেলেমেয়ে শিক্ষা পাচ্ছে। এ ছাড়া নিরাপদ পানি, মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব নিশ্চিত করা হচ্ছে।
সফরকালে ইউসেপ পরিচালিত মিরপুরের একটি শিশু শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন মার্ক লুকক। রানা প্লাজা দুর্ঘটনার পর কারখানার পরিবেশের কতটা উন্নতি হয়েছে, তা দেখতে একটি তৈরি পোশাক কারখানাও পরিদর্শন করেন তিনি। এ ছাড়া রাজধানীর কড়াইল বস্তি ঘুরে দেখেন তিনি।
সফরের অংশ হিসেবে মার্ক লুকক ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ প্রসঙ্গে বিবৃতিতে মার্ক লুকক বলেন, ‘আমি খুব গর্বিত যে যুক্তরাজ্য সরকার ব্র্যাকের কাজ করছে। দারিদ্র্য বিমোচনে বহু বছর ধরে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। এ ছাড়া দরিদ্র নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষায় কাজ করে যাচ্ছে ব্র্যাক।’
মার্ক লুকক বলেন, ব্র্যাকের সবচেয়ে বড় তহবিলের জোগান দিচ্ছে যুক্তরাজ্য।