বাংলাদেশকে সাহায্যনির্ভর দেখতে চায় না জাপান
বাংলাদেশকে বিদেশি সাহায্যনির্ভর দেশ হিসেবে আর দেখতে চায় না জাপান। চায় এই কাতার থেকে বের হয়ে আসা দেশ হিসেবে দেখতে।এ জন্য অবশ্য বাংলাদেশকে তৈরি পোশাকের পর আরেকটি প্রধান শিল্প খাত গড়ে তোলা, সামাজিক অবকাঠামো শক্তিশালী করা, পরিবহন খাতে বিনিয়োগ বৃদ্ধি, মেধা পাচার বন্ধ এবং বিকল্প জ্বালানি হিসেবে কয়লা ব্যবহারে জোর দিতে হবে।গতকাল সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের উন্নয়নে জাপানের অবদান’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত তামোতসু শিনোতসুকা এসব কথা বলেন। খবর ইউএনবির।শিনোতসুকা আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানও একটি সাহায্যনির্ভর দেশ ছিল। অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটি দারিদ্র্যমুক্ত ও বিদেশি সাহায্যনির্ভর নয়, এমন দেশ হিসেবে দেখতে পেলে জাপান খুশি হবে।যে পাঁচটি বিষয়ে জোর দেওয়ার জন্য জাপানি রাষ্ট্রদূত পরামর্শ দেন, সেগুলোর ব্যাখ্যাও দেন তিনি। বলেন, শিল্পায়নের জন্য প্রয়োজন অধিক হারে দক্ষ শ্রমিক। এ জন্য কারিগরি প্রশিক্ষণ এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে গণিত ও বিজ্ঞানে জোর দিতে হবে।জাপানি রাষ্ট্রদূত আরও বলেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ বিরাট সাফল্য অর্জন করেছে। এখন আরেকটি নিবিড় শিল্প গড়ে তুলতে হবে, যার ওপর নির্ভর করা যায়। এ জন্য যথাযথ সরকারি নীতি গ্রহণেরও পরামর্শ দেন তিনি।জাপানের উদাহরণ তুলে ধরে শিনোতসুকা অবকাঠামো, পরিবহন, টেলিযোগাযোগ ও শিল্পযন্ত্রের মতো মৌলিক অবকাঠামো বিনির্মাণে গুরুত্ব আরোপ করেন।বর্তমানে বাংলাদেশে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট মোকাবিলায় শিনোতসুকা কয়লাকে জ্বালানির বিকল্প উত্স হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ প্রসঙ্গে শিনোতসুকা বলেন, জাপানে বাজার পেতে হলে পণ্যের গুণগত মান অনেক বাড়াতে হবে। এ ক্ষেত্রেও তিনি চীনের উদাহরণ টেনে বলেন, জাপানি মানের পণ্য উত্পাদনে চীন ব্যাপক পদক্ষেপ নিয়েছে।বর্তমানে জাপান থেকে বাংলাদেশ বছরে প্রায় ৭০ কোটি ডলারের পণ্য আমদানি করে। আর জাপানে রপ্তানি করা হয় প্রায় ১৫ কোটি ডলারের পণ্য।আলোচনা অনুষ্ঠান জাইকার প্রধান প্রতিনিধি তাকাও তাদাও, জেট্রোর প্রতিনিধি তাকাশাই সুজুকি, বুয়েটের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম এবং বাংলাদেশ-জাপান মৈত্রী সমিতির আমিনুল ইসলাম খান বক্তব্য দেন।