বাংলাদেশকে সোচ্চার হতে হবে ডব্লিউটিওর আগামী সম্মেলনে

উন্নত দেশগুলোতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) শুল্ক ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার পাওয়ার কথা হচ্ছে এক দশক ধরেই। সর্বশেষ ২০১৩ সালে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলনেও বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সম্মেলন শেষে আর অগ্রগতি হয়নি।
এসব কথা তুলে ধরে চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠেয় ডব্লিউটিওর দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশকে সোচ্চার হতে বলেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। মেট্রো চেম্বারের প্রকাশনা চেম্বার নিউজ-এর মার্চ সংখ্যার সম্পাদকীয়তে বলা হয়েছে, ডব্লিউটিওর আগামী সম্মেলনকে ঘিরে সরকার যে প্রতিনিধিদল গঠন করবে, তার অন্যতম কাজ হবে অন্য ৪৮টি এলডিসিকে সঙ্গে নিয়ে চাপ সৃষ্টি করা। যাতে উন্নত দেশগুলো প্রতিশ্রুত সময়ের মধ্যে বালি ঘোষণা বাস্তবায়নে বাধ্য হয়।
কেনিয়ার নাইরোবিতে আগামী ১৫-১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ডব্লিউটিওর দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলন। এ সংস্থার ১৬০টি সদস্যদেশ এতে অংশ নেবে। আলোচনা হবে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার বাস্তবায়ন কৌশল নিয়ে।
এমসিসিআই বলেছে, উন্নতবিশ্ব শুধু শুল্ক ও কোটামুক্ত পণ্যের নয়, সেবা খাতেরও বাজার সুবিধা দেওয়ার কথা। এটি পাওয়া গেলে বাংলাদেশসহ স্বল্পোন্নত সব দেশই লাভবান হতে পারত। সেবা খাতের বাজার ধরতে বাংলাদেশ ইতিমধ্যে কিছু খাত চিহ্নিত করেছে—পর্যটন, আর্থিক, প্রকৌশল, শিক্ষা, ও তথ্যপ্রযুক্তি।
ডব্লিউটির সম্মেলনগুলোতে এযাবৎ যত আলোচনা, প্রতিশ্রুতি ও সিদ্ধান্ত হয়েছে, ব্যতিক্রম বাদ দিলে তার প্রায় পুরোটাই অবাস্তবায়িত
রয়ে গেছে বলে মনে করে মেট্রো চেম্বার। সংগঠনটি বলেছে, উন্নত দেশগুলো বালি ঘোষণারও তেমন কিছু পরিপালন করছে না। যেমন
শুল্ক ও কোটামুক্ত পণ্যের বাজার সুবিধা দিচ্ছে হাতে গোনা কয়েকটি দেশ।
বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা বাস্তবায়নে ১৯৯৫ সালে গঠিত হয় ডব্লিউটিও। বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য।