বাংলাদেশকে ৬৩২ কোটি টাকা দেবে জার্মানি
বিভিন্ন প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তার জন্য বাংলাদেশকে প্রায় ৬৩২ কোটি টাকা (ছয় কোটি ইউরো) দেবে জার্মানি। গত রোববার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জার্মান সরকারের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইআরডিসচিব ইকবাল মাহমুদ ও ঢাকায় জার্মান রাষ্ট্রদূত হলগার মিখাইল নিজ নিজ পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। জার্মান সরকারের দেওয়া এসব অর্থের মধ্যে আর্থিক সহায়তা হিসেবে পাওয়া যাবে ৪২৬ কোটি টাকা। আর ২০৬ কোটি টাকা দেওয়া হবে কারিগরি সহায়তা হিসেবে। অবকাঠামো, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, বনায়ন ইত্যাদি খাতে এসব অর্থ ব্যবহার করা হবে। ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য, জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জার্মান সরকারের কাছ থেকে বাংলাদেশ কারিগরি ও আর্থিক সহায়তা পেয়ে থাকে।