বাংলাদেশকেও বাণিজ্য সহজ করার প্রস্তুতি নিতে হবে
বাংলাদেশকেও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পদক্ষেপের সঙ্গে সাযুজ্য রেখে বাণিজ্য সহজীকরণের প্রস্তুতি নিতে হবে। এ জন্য উন্নত দেশগুলোর কাছ থেকে কারিগরি সহায়তাও আদায় করতে হবে বলে বিশেষজ্ঞরা এই অভিমত দিয়েছেন।
ইন্দোনেশিয়ার বালিতে ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পাশাপাশি ইন্টারন্যাশাল সেন্টার ফর ট্রেড অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট গত সপ্তাহে তিন দিনব্যাপী বালি বাণিজ্য ও উন্নয়ন সিম্পোজিয়ামের আয়োজন করে। এরই অংশ হিসেবে বালিতে একটি হোটেলে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) একাধিক প্রতিষ্ঠানের সহযোগিতায় বৃহস্পতিবার এক আলোচনার আয়োজন করে। এতে এসব মতামত উঠে এসেছে।
বিএফটিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা মজিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)চেয়ারম্যান গোলাম হোসেন, বিএফটিআইর পরিচালক মোস্তফা আবিদ খান, ডব্লিউটিওতে এলডিসির ফ্যাসিলিটেটর ও ডেনমার্কের বিশেষ প্রতিনিধি স্টিফেন স্মিডট এবং আইডিইএসের নির্বাহী পরিচালক নিকোলাস ইম্বোডেন।
এই আলোচনায় বক্তারা বাণিজ্য সহজীকরণের ক্ষেত্রে বাংলাদেশসহ এলডিসিগুলোর জন্য কারিগরি সহযোগিতার ওপর জোর দেন। তাঁরা বলেন, বাণিজ্য সহজীকরণের বিভিন্ন পদক্ষেপ বাংলাদেশকেও পর্যায়ক্রমে গ্রহণ করতে হবে।