বাংলাদেশব্যাংকে নতুন তিন ডেপুটি গভর্নর নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নর হিসেবে নাজনীন সুলতানা কাজে যোগ দিয়েছেন। একই সঙ্গে নতুন নিয়োগ পাওয়া আরও দুই ডেপুটি গভর্নর যথাক্রমে আবু হেনা মোহা. রাজী হাসান ও সিতাংশু কুমার সুর চৌধুরী গতকাল সোমবার কাজে যোগ দেন। তিন ডেপুটি গভর্নরের নিয়োগ-সংক্রান্ত চিঠি গতকালই বাংলাদেশ ব্যাংকে এসে পৌঁছায়। তাঁরা প্রত্যেকেই তিন বছরের জন্য এই পদে নিয়োগ পেলেন।আবু হেনা মোহা. রাজী হাসান ও এস কে সুর চৌধুরী কেন্দ্রীয় ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। আর নাজনীন সুলতানা নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন শেষে অবসরকালীন ছুটিতে ছিলেন। গত ২৯ ডিসেম্বর ডেপুটি গভর্নর হিসেবে নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী ও মুরশিদ কুলী খানের মেয়াদ পূর্তি হয়। গতকাল এই পদগুলোতে নতুন করে নিয়োগ দেওয়া হলো। পুরাতন ডেপুটি গভর্নর আবুল কাশেমকে কারেন্সি ম্যানেজমেন্ট, কমন সার্ভিস, বাজেটিং, এসএমই, ঋণ ব্যবস্থাপনা ও খরচ ব্যবস্থাপনা বিভাগ দেওয়া হয়েছে। রাজী হাসানকে দেওয়া হয়েছে অপসাইট সুপারভিশন, পরিসংখ্যান, মনিটরি পলিসি, মানি লন্ডারিং, ব্যাংক পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ; এস কে সুর চৌধুরীকে দেওয়া হয়েছে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, কৃষিঋণ বিভাগ, আইন বিভাগ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিভাগ ও প্রশিক্ষণ একাডেমি এবং নাজনীন সুলতানাকে দেওয়া হয়েছে মানবসম্পদ, তথ্যপ্রযুক্তি, ঋণ তথ্য বিভাগ, তথ্য বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি, বিনিয়োগ ও অপারেশন বিভাগ।এদিকে গতকাল নির্বাহী পরিচালক পদে নতুন নিয়োগ পেয়েছেন নওশাদ আলী ও আবদুল হক। উভয়েই মহাব্যবস্থাপক পদ থেকে পদোন্নতি পেয়েছেন।