পোশাক রপ্তানিতে বাংলাদেশসহ কয়েকটি দেশের চেয়ে অব্যাহতভাবে পিছিয়ে যাচ্ছে ভারত। এ জন্য খাতটি থেকে দেশটির রপ্তানি আয়ও কমে যাচ্ছে।ভারতের অন্যতম দৈনিক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড-এ ‘ইন্ডিয়া লুজিং গ্রাউন্ড ইন অ্যাপারেল এক্সপোর্টস’ শীর্ষক এক প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, মূলত তিনটি কারণে তৈরি পোশাক রপ্তানিতে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, তুরস্ক ও মেক্সিকোর মতো প্রতিযোগী দেশগুলোর কাছে হেরে যাচ্ছে ভারত।কারণগুলো হচ্ছে: এসব দেশের চেয়ে ভারতের পোশাক উৎপাদনে খরচ বেশি, চালান দিতে দীর্ঘসূত্রতা এবং বিলম্বে নতুন গতিধারায় খাপ খাওয়ানোর প্রবণতা। গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পাঁচ মাসে ভারতের পোশাক খাতের রপ্তানি ১২ দশমিক ১৬ শতাংশ কমে ৫২৬ কোটি ডলার হয়েছে। শুধু আগস্ট মাসে ৭ দশমিক ২০ শতাংশ কমে এ খাতের রপ্তানি আয় দাঁড়িয়েছিল ৯৮ কোটি ডলার।বিজনেস স্ট্যান্ডার্ড-এ বলা হয়েছে, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ভিয়েতনাম সবচেয়ে কম খরচে পোশাক তৈরি করে। অন্যদিকে তুরস্ক ও মেক্সিকো খুব সহজে নতুন গতিধারায় খাপ খাওয়াতে পারে। তা ছাড়া এই দেশ দুটির রপ্তানিকারকেরা এক সপ্তাহের মধ্যে ইউরোপে পণ্যের চালান পৌঁছাতে পারেন। কিন্তু সেখানে ভারতীয়দের দুই থেকে চার সপ্তাহ লেগে যায়।ভারতের অন্যতম বস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান মান্ধা ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মিতেশ শাহ বলেন, ‘বাংলাদেশ, মেক্সিকো ও ভিয়েতনাম ভারতের চেয়ে ১৫ থেকে ২০ শতাংশ কমে পোশাক তৈরি করছে। তাই আমেরিকা ও ইউরো-অঞ্চলের ক্রেতারা এসব দেশের দিকেই বেশি ঝুঁকছেন।’ভারতের পোশাক প্রস্তুতকারকেরা সাধারণত বড়দিনের মৌসুমের তিন মাস আগে কার্যাদেশ পেয়ে থাকেন। আবার ১৫ দিন থেকে এক মাসের মধ্যে পণ্যের চালান পৌঁছাতে হয়। তবে এবার বড়দিনের মৌসুমে রপ্তানি আদেশ কম এসেছে বলে জানিয়েছেন কনফেডারেশন অব টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব ডি কে নাইর। তিনি বলেন, এ অবস্থা বড়দিনের পর পর্যন্ত থাকবে।ভারতের অ্যাপেরাল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান এ শক্তিভেল বলেন, বড়দিন ও নববর্ষের কার্যাদেশ পেতে রপ্তানিকারকেরা অনেক চেষ্টা করেছেন। তার পরও গত বছরের এক হাজার ৪০০ কোটি ডলারের পোশাক রপ্তানির পরিমাণকে এ বছর অতিক্রম সম্ভব নয়।ভারতীয় বিশ্লেষকেরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে ইউরোপ-আমেরিকার মতো বড় বাজারে আর টিকতে পারবে না ভারত। তাই ভারতীয় রপ্তানিকারকেরা নতুন বাজার হিসেবে চীন, লাতিন আমেরিকা, নরওয়ে, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার দিকে ঝুঁকছেন।