বাংলাদেশি আম রপ্তানিতে বাধা রাসায়নিক ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদনে বিশ্বে নবম হলেও বাংলাদেশ থেকে আম রপ্তানি করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে, আম পাকাতে রাসায়নিকের ব্যবহার, প্রক্রিয়াকরণ শিল্প-কারখানার অভাব ও রপ্তানিকারকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও বাগানমালিকদের ভালো যোগাযোগ না থাকাই আম রপ্তানি না হওয়ার প্রধান তিন কারণ।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স কার্যালয়ে গতকাল মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত ‘আম ও আমজাত পণ্য রপ্তানির সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারের মূল প্রবন্ধে এই তথ্য তুলে ধরা হয়। এতে আম রপ্তানি না হওয়ার ১৯টি কারণ চিহ্নিত করা হয়।

প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ প্রায় সাত লাখ ৬৭ হাজার মেট্রিক টন আম উৎপাদন করে বিশ্বে নবম স্থানে রয়েছে। এক কোটি ৩৫ লাখ মেট্রিক টন উৎপাদন করে শীর্ষে রয়েছে প্রতিবেশী ভারত। তালিকায় চীন দ্বিতীয় ও পাকিস্তান ষষ্ঠ স্থানে রয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম। এতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান, ইপিবির রাজশাহী কার্যালয়ের পরিচালক মোয়াজ্জেম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা জমির উদ্দীন, শরফ উদ্দীন, বাংলাদেশ আম উৎপাদনকারী সমিতির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।

মোয়াজ্জেম হোসেন বলেন, মালয়েশিয়া, জাপান, সিঙ্গাপুর, হংকংসহ বিশ্বের বিভিন্ন দেশে রাসায়নিকমুক্ত আম ও আমজাত পণ্যের ব্যাপক চাহিদা আছে। সে অনুযায়ী প্রতিবেশী ভারত, চীন ও পাকিস্তান থেকে আম রপ্তানি হলেও বাংলাদেশ থেকে রপ্তানি করা যাচ্ছে না।