বাংলাদেশি আরেকটি পণ্যে শুল্ক বসাতে যাচ্ছে ভারত
পাটপণ্যের পর এবার হাইড্রোজেন পার-অক্সাইড নামের একটি বাংলাদেশি পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক বসানোর প্রক্রিয়ায় আছে ভারত। ইতিমধ্যে দেশটি তদন্ত শেষ করেছে। এতে ডাম্পিংয়ের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের সংশ্লিষ্ট সংস্থা ডিরেক্টরেট অব অ্যান্টি-ডাম্পিং অ্যান্ড অ্যালাইড ডিউটিজ (ডিজিএডি)।
বাংলাদেশি কোনো কোম্পানি নিজ দেশে বিক্রীত দামের চেয়ে কম দামে রপ্তানি করলে তাকে ডাম্পিং হিসেবে গণ্য করতে পারবে ভারত। ডিজিএডি বলছে, ডাম্পিংয়ের কারণে ভারতীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশি হাইড্রোজেন পার-অক্সাইড রপ্তানির কারণে তাদের শিল্পের ক্ষতির মাত্রা বা ইনজুরি মার্জিন দেখানো হয়েছে ১০ থেকে ৩০ শতাংশ। অন্যদিকে বাংলাদেশ ৩০ শতাংশ মার্জিনে ডাম্পিং করছে বলে বাংলাদেশকে দেওয়া তদন্ত প্রতিবেদনের ডিসক্লোজারে জানিয়েছে ভারত।
ডিজিএডির পক্ষ থেকে গত ১৬ ফেব্রুয়ারি এ ডিসক্লোজার ইস্যু করা হয়। তবে বাংলাদেশি রপ্তানিকারকেরা বলছেন, যেভাবে ডাম্পিংয়ের হিসাব করা হয়েছে তা ঠিক নয়। তারা অনুমাননির্ভর নানা ব্যয় ধরে বাংলাদেশের উৎপাদন খরচ বেশি দেখিয়েছে। ভারত বাংলাদেশের হাইড্রোজেন পার-অক্সাইডের সবচেয়ে বড় বাজার উল্লেখ করে রপ্তানিকারকেরা আরও বলেন, দেশটি যদি শেষ পর্যন্ত শুল্ক বসায় তাহলে বাংলাদেশের রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হবে।
ডিজিএডি তাদের ডিসক্লোজারের ওপর ৩ মার্চের মধ্যে মতামত দিতে বলেছে বাংলাদেশকে। এখন বাংলাদেশের সরকার ও রপ্তানিকারকেরা ভারতে শুনানিতে অংশ নিতে পারবেন। সেখানে তাঁদের যুক্তি তুলে ধরতে পারবেন। তবে পাটপণ্যের ক্ষেত্রে দেখা গেছে, এ শুনানিতে অংশ নিয়ে কোনো লাভ হয়নি। জানা গেছে, শুনানির পরে ডিজিএডি ফাইনাল ডিটারমিনিশন বা চূড়ান্ত ঘোষণা জারি করে ভারতের অর্থ মন্ত্রণালয়কে শুল্ক আরোপের সুপারিশ করবে। অর্থ মন্ত্রণালয় গেজেট প্রকাশ করলে বাংলাদেশি পণ্যকে শুল্ক দিয়ে ভারতে প্রবেশ করতে হবে।
হাইড্রোজেন পার-অক্সাইড একটি রাসায়নিক উপাদান, যা বস্ত্রসহ বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়। বাংলাদেশে টিকে গ্রুপের সামুদা কেমিক্যাল কমপ্লেক্স, মেঘনা গ্রুপের তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স এবং এসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও এইচপি কেমিক্যালস লিমিটেড পণ্যটি উৎপাদন করে। ভারত ও পাকিস্তানের বস্ত্রশিল্পে বাংলাদেশি হাইড্রোজেন পার-অক্সাইডের চাহিদা বেশ ভালো।
পণ্যটি এর আগে পাকিস্তানে অ্যান্টি-ডাম্পিং শুল্কের শিকার হয়েছে। গত বছরের মার্চে পাকিস্তান ট্যারিফ কমিশন একই প্রক্রিয়ায় বাংলাদেশি হাইড্রোজেন পার-অক্সাইডে ১২ শতাংশ অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে। অন্যদিকে গত জানুয়ারি মাসে বাংলাদেশি পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত।
ভারত শুধু বাংলাদেশ নয়, তাইওয়ান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কোরিয়া ও থাইল্যান্ড থেকে হাইড্রোজেন পার-অক্সাইড আমদানিতেও ডাম্পিংয়ের তদন্ত শুরু করেছে। ২০১৫ সালের ১৪ মার্চ ভারতের ন্যাশনাল পার-অক্সাইড ও হিন্দুস্তান অর্গানিক কেমিক্যাল নামের দুটি কোম্পানি হাইড্রোজেন পার-অক্সাইডে অ্যান্টি-ডাম্পিং শুল্ক বসানোর আবেদন করে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে ভারতের সংস্থা ডিজিএডি। এসব দেশ থেকে রপ্তানিতেও ডাম্পিংয়ের প্রমাণ পেয়েছে ভারত। ভারতীয় সংস্থাটির তদন্তের আওতায় এসেছে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত।
ডিজিএডির তদন্তের ডিসক্লোজারে বলা হয়েছে, বাংলাদেশের সামুদা কেমিক্যালসের ডাম্পিং মার্জিন ২০-৩০ শতাংশ, তাসনিম কেমিক্যালসের ১০ শতাংশ পর্যন্ত ও এএসএম কেমিক্যালসের ১০ থেকে ২০ শতাংশ। অন্যদিকে পাকিস্তানের দুটি কোম্পানির ক্ষেত্রে ডাম্পিং মার্জিন দেখানো হয়েছে ৬০ থেকে ৮০ শতাংশ। এ ছাড়া থাইল্যান্ডের একটি কোম্পানির ক্ষেত্রে ডাম্পিং মার্জিন ২৫ থেকে ৩৫ শতাংশ, কোরিয়ার সব কোম্পানির ক্ষেত্রে ৩০-৪০ শতাংশ, তাইওয়ানের ক্ষেত্রে ৪০-৫০ শতাংশ, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে ২০-৩০ শতাংশ ডাম্পিং মার্জিন পাওয়া গেছে বলে জানিয়েছে ডিজিএডি।
জানতে চাইলে সামুদা কেমিক্যালসের প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আকরামুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁদের কারখানায় প্রতি মাসে ২ হাজার ৪০০ টন হাইড্রোজেন পার-অক্সাইড উৎপাদিত হয়। এর মধ্যে ৬০০ টন যায় ভারতে। তিনি বলেন, ‘আমরা সম্প্রতি কারখানা সম্প্রসারণ করেছি। এখন ভারতে শুল্ক আরোপ হলে রপ্তানিতে খুবই নেতিবাচক প্রভাব পড়বে। এ ধরনের শুল্ক আরোপের কারণে পাকিস্তানে রপ্তানি কমেছে।’
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ থেকে প্রায় ৭৭ লাখ মার্কিন ডলারের হাইড্রোজেন পার-অক্সাইড রপ্তানি হয়েছে। এর মধ্যে ৮৬ শতাংশই গেছে ভারত ও পাকিস্তানে। ওই সময়ে ভারতে প্রায় ৫২ লাখ ডলার ও পাকিস্তানে প্রায় ১৪ লাখ ডলারের হাইড্রোজেন পার-অক্সাইড রপ্তানি হয়। ২০১৩-১৪ অর্থবছরে পণ্যটি রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছিল প্রায় ৬৬ লাখ ডলার।