বাংলাদেশি কেবিন ক্রু বাড়াতে চায় এমিরেটস
দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনসে বর্তমানে ৪৬ জন বাংলাদেশি কেবিন ক্রু রয়েছেন। এ ছাড়া এই বিমান সংস্থায় এখন কাজ করছেন ছয় শতাধিক বাংলাদেশি। বিমান সংস্থাটি কেবিন ক্রুসহ আরও বাংলাদেশি নাগরিককে কর্মসংস্থানের সুযোগ দিতে চায়। বাংলাদেশে সফররত সাংবাদিকদের এসব তথ্য জানান এমিরেটস এয়ারলাইনসের পশ্চিম এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক পরিচালন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাজিদ আল মুয়াল্লা। এমিরেটসের আমন্ত্রণে বাংলাদেশের জনসংযোগ প্রতিষ্ঠান ট্রিউন বাংলাদেশ গণমাধ্যমের সাংবাদিকদের জন্য এই সফরের আয়োজন করে। দুবাইয়ে এমিরেটস গ্রুপের প্রধান কার্যালয়ে বসে মাজিদ আল মুয়াল্লা বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এমিরেটস সূত্রে জানা গেছে, বর্তমানে এই বিমান সংস্থায় ১৩১টি দেশের ১৪ হাজার ২৮৩ জন কেবিন ক্রু কাজ করছেন। এই সংস্থায় কেবিন ক্রুদের মধ্যে নারী ও পুরুষের অনুপাত হচ্ছে ৭৫: ২৫। এই বিমান সংস্থাটি নারী কেবিন ক্রুদের জন্য বিনা বেতনে এক বছরের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেছে। প্রথম আলোর এক প্রশ্নের উত্তরে মাজিদ আল মুয়াল্লা জানান, এই ছুটি বেতনসহ দেওয়া যায় কি না তা চিন্তাভাবনা করে দেখবেন তাঁরা।তিন বাংলাদেশির অভিজ্ঞতা: এমিরেটস ট্রেনিং কলেজের তিনজন বাংলাদেশির সঙ্গে কথা হয়। তাঁদের মধ্যে সৈয়দ ফরহাদ মাহমুদ কেবিন ক্রু থেকে বর্তমানে লিডারশিপ ট্রেইনার হিসেবে এমিরেটসে কাজ করছেন। মোহাম্মদ তানভীরুজ্জামান ও সুদীপ দেব কর্মরত আছেন কেবিন ক্রু হিসেবে। তিনজনই প্রায় নয় বছরের বেশি সময় ধরে এমিরেটসে কাজ করছেন। তিনজনই জানান, এই কাজে যোগ দিতে চাইলে ইংরেজি ভাষা জানাটা জরুরি। আর এমিরেটসে নারীদেরও কেবিন ক্রু হতে কোনো বাধা নেই। সুদীপ দেব জানান, কেবিন ক্রু হিসেবে কাজ করতে গিয়ে এ পর্যন্ত প্রায় ১০০ জাতির মানুষের সঙ্গে পরিচয় ঘটেছে তাঁর। সৈয়দ ফরহাদ মাহমুদ বলেন, ঢাকা-দুবাইসহ বিভিন্ন পথে বাংলাদেশিদের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। এ কাজে সরাসরি দেশের মানুষকে সেবা দেওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বাইরে প্রথম পা দেওয়া যাত্রীরা বাংলাদেশি কেবিন ক্রু দেখলে মনে ভরসা পান।মোহাম্মদ তানভীরুজ্জামান দৃঢ়তার সঙ্গেই বলেন, ‘আমরা পৃথিবীর সেরা সেবাটা দিতে চাই।’মন খারাপ থাকলেও ক্যাবিন ক্রু হিসেবে হেসে হেসে দায়িত্ব পালন করতে হয়—এ প্রসঙ্গে তিনজনই জানালেন, ফ্লাইটে যাওয়ার পর মন খারাপ থাকে না। অন্যান্য কাজে প্রতিদিনই পরিচিত সহকর্মীর সঙ্গে একই জায়গায় কাজ করতে হয়। কিন্তু এ কাজে প্রতিদিনই বিভিন্ন দেশের নতুন সহকর্মীর সঙ্গে কাজ করতে হয়। প্রতিটি ফ্লাইটেই থাকেন নতুন মানুষ। ফলে নতুনদের সঙ্গে পরিচিত হতে হতেই তাঁরা পৌঁছে যান গন্তব্যে।