বাংলাদেশি তৈরি পোশাকে ভারত ভর্তুকি-বিরুদ্ধ শুল্কারোপ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানির ওপর ভর্তুকি-বিরুদ্ধ শুল্ক (কাউন্টারভেইলিং ডিউটি বা সিভিডি) বসাতে যাচ্ছে ভারত সরকার। দেশটির ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ১২ দশমিক ৩৬ শতাংশ হারে সিভিডি আরোপের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে এই সিভিডির ওপর আরও ৩ শতাংশ হারে শিক্ষা সেস (শিক্ষা খাতের জন্য বিশেষ শুল্ক) আরোপ করা হয়েছে। এর ফলে বাংলাদেশে তৈরি নিট ও ওভেন পোশাককে ভারতের বাজারে প্রবেশ করতে প্রায় ১২ দশমিক ৭৪ শতাংশ বাড়তি শুল্ক দিতে হবে।ভারতীয় তৈরি পোশাক প্রস্তুতকারকদের দাবির মুখে ভারতের কেন্দ্রীয় সরকার এই সিভিডি আরোপের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশি তৈরি পোশাক পণ্যকে ২০১১ সালের সেপ্টেম্বর মাস থেকে শুল্কমুক্ত-সুবিধা দেওয়ার অল্প কিছুদিন পর থেকেই ভারতীয় ওভেন ও নিট পোশাক প্রস্তুতকারকেরা অভিযোগ করতে শুরু করেন যে, বাংলাদেশি নিম্নমানের পোশাক কম দামে ভারতের বাজারে অবাধে প্রবেশ করছে।ভারতীয় পোশাকশিল্প প্রস্তুতকারকেরা বলছেন, বাংলাদেশি তৈরি পোশাক প্রস্তুত করার ক্ষেত্রে চীন থেকে সস্তায় আমদানি করা কাপড় ব্যবহার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশি পোশাকের দাম কম হয়। আর শুল্কমুক্ত-সুবিধা পাওয়ায় বাংলাদেশি ওভেন ও নিট পোশাকের সঙ্গে অসম প্রতিযোগিতার মুখে পড়েছে ভারতীয় পোশাক।বাজেটে ভারতীয় ব্র্যান্ড তৈরি পোশাকের ওপর কেন্দ্রীয়ভাবে আরোপিত আবগারি শুল্কও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় তৈরি পোশাকশিল্পের প্রবৃদ্ধিতে বড় ধরনের উল্লম্ফন ঘটবে বলে মনে করা হচ্ছে। যে হারে বাংলাদেশি তৈরি পোশাকের ওপর সিভিডি আরোপ করা হয়েছে, একই হারে এই আবগারি শুল্ক ভারতীয় ব্র্যান্ড তৈরি পোশাকের ওপর আরোপিত ছিল। ভারতের নিটওয়্যার ক্লাবের সভাপতি দর্শনা দাওয়ার হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘বাংলাদেশি তৈরি পোশাক প্রস্তুতকারকেরা ভর্তুকি-সুবিধা পেয়ে থাকেন। আর ভারতীয় ব্র্যান্ড পোশাকের ওপর আবগারি শুল্ক ছিল। ফলে ভারতীয় পোশাকের দাম অনেক বেশি পড়ে যাচ্ছিল। এতে বিক্রিও কমে গিয়েছিল।’লুধিয়ানা নিটারস সমিতির সভাপতি অচিত লাকারা বলেন, ‘এই সিদ্ধান্ত পোশাকশিল্পের জন্য অনেক সহায়ক হবে। কেননা, সস্তা বাংলাদেশি পোশাকের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। এখন ভারতের বাজারে প্রতিবেশী দেশ থেকে পণ্য ডাম্পিং বন্ধ হবে।’বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান অনুসারে, কোনো দেশের আমদানি করা কোনো পণ্য যদি রপ্তানিকারক দেশে ভর্তুকি-সুবিধা পায় এবং এমন আমদানির ফলে আমদানিকারক দেশের সমজাতীয় পণ্য যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই সিভিডি আরোপ করা যায়। সে ক্ষেত্রে যথাযথ অনুসন্ধান সম্পন্ন করে সিভিডি আরোপ করতে হয়। যোগাযোগ করা হলে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পর একতরফাভাবে ভারত এ ধরনের শুল্ক আরোপ করতে পারে না।’ বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের মাধ্যমে আলোচনা করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।