বাংলাদেশি তৈরি পোশাকের উৎপাদন ব্যয় বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার (জিএসপি) সুবিধা প্রত্যাহারের আশঙ্কা দেখা দেওয়ার পর এবার ৭২টি দেশের জিএসপি-সুবিধা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কানাডা। এতে বাংলাদেশি তৈরি পোশাকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কানাডা সরকার এ জন্য গত ২২ ডিসেম্বর ওয়েবসাইটে একটি গণবিজ্ঞপ্তি জারি করে। এতে ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাদের এই সিদ্ধান্তের বিষয়ে মতামত দিতে বলা হয়েছে। ৭২ দেশের মধ্যে অবশ্য বাংলাদেশ নেই। তবে বাংলাদেশ যেসব দেশ থেকে তৈরি পোশাকের কাঁচামাল আমদানি করে, সেসব দেশ রয়েছে। ফলে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ।এ পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণ করতে গতকাল সোমবার আন্তমন্ত্রণালয়ের বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যসচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে এতে শ্রম মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বেপজার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে বাণিজ্যসচিব সাংবাদিকদের বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যেই একটি অবস্থানপত্র তৈরি করে আমরা কানাডায় পাঠাব।’ তিনি জানান, বাদ দেওয়ার তালিকায় প্রতিবেশী ভারত ও চীন রয়েছে, বাংলাদেশ নেই। ফলে জিএসপি কর্মসূচির আওতায় অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত সুবিধা (জিপিটি) বাংলাদেশের জন্য অব্যাহত থাকবে। তবে উৎপাদন খরচ বৃদ্ধির দিক বিবেচনায় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, কানাডা ১৯৭৮ সাল থেকে জিপিটি দিয়ে আসছে। বর্তমানে এ সুবিধা পাচ্ছে ১৭৫টি দেশ। বাংলাদেশকে দেওয়া হয়েছিল ২০০৩ সালের ১৫ ফেব্রুয়ারি। যদিও তা কার্যকর হয়েছিল ২০০৪ সালের জুন থেকে। ১০ বছর পর পর এ সুবিধার পর্যালোচনা করা হয়। বাংলাদেশের মেয়াদ শেষ হচ্ছে ২০১৪ সালের ৩০ জুন।বাণিজ্যসচিব আরও বলেন, জিএসপি সুবিধা নিয়ে কানাডায় রপ্তানি হয় তৈরি পোশাক। এসবের কাঁচামাল আমদানি করা হয় ভারত ও চীন থেকে। নতুনভাবে জিএসপি পর্যালোচনার পর ভারত ও চীন যদি সত্যি সত্যিই বাদ পড়ে যায়, তাহলে উৎসবিধি হিসেবে বাংলাদেশকে কাঁচামাল আমদানি করতে হবে অন্য দেশ থেকে। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, জিপিটি-সুবিধা পাওয়া গেলেও বাংলাদেশের জন্য মুশকিল হবে উৎস বিধি (রুলস অব অরিজিন) নিয়ে। অর্থাৎ, বাংলাদেশ কানাডায় যেসব পণ্য রপ্তানি করবে, তা উৎপাদনের সময় কাঁচামাল আমদানি করতে হবে কানাডার জিএসপি-সুবিধা পাচ্ছে এমন কোনো দেশ থেকে। সেসব দেশ থেকে কাঁচামাল এনে দেশের ভেতর ২৫ শতাংশ মূল্য সংযোজন করে কানাডায় রপ্তানি করতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। বৈঠকে উপস্থিত সাবেক বাণিজ্যসচিব ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, তৈরি পোশাক শিল্পের কাঁচামাল সবচেয়ে বেশি আমদানি হয় চীন ও ভারত থেকে। এই দুই দেশ থেকে মোট ফেব্রিক্সের ৬৫ শতাংশ আমদানি হয়।