কুয়েতে বাংলাদেশের পাট ও চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ, হস্তজাত পণ্য ও সিরামিকস পণ্যের ভালো বাজার রয়েছে। এসব খাত চিহ্নিত করে উদ্যোগ নিলে দেশটিতে রপ্তানির পরিমাণ বাড়ানো সম্ভব।এ ছাড়া পর্যটন, আবাসন ও তৈরি পোশাক খাতে কুয়েতের ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগ করতে বেশ আগ্রহী।কুয়েত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব আবদুল মতিন ভুঁইয়া গতকাল রোববার এক মতবিনিময়ে এসব তথ্য জানিয়েছেন। আগামী ২৪ থেকে ২৬ মে কুয়েতে অনুষ্ঠেয় তিন দিনের বাংলাদেশি পণ্যের মেলা উপলক্ষে রাজধানীর কারওয়ানবাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কার্যালয়ে এই মতবিনিময়ের আয়োজন করে কুয়েত-বাংলাদেশ চেম্বার ও ইপিবি।ইপিবির সার্বিক সহযোগিতায় কুয়েতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ময়দানে এই মেলার আয়োজন করছে কুয়েত-বাংলাদেশ চেম্বার। চলবে ২৬ মে পর্যন্ত।আবদুল মতিন ভুঁইয়া বলেন, ‘কুয়েতে একটি পেইন কিলারের (ওষুধ) দাম এক দিনার (২৯৪ টাকা)। অথচ বাংলাদেশে এর দাম মাত্র দুই টাকা। তাই কুয়েতে ওষুধ একটি রপ্তানিপণ্য হতে পারে।’আবদুল মতিন বলেন, ‘আমাদের সিরামিকস ও হ্যান্ডিক্র্যাফটস (হস্তজাত পণ্য) অন্য দেশ ঘুরে কুয়েতে যায়। সেগুলোর চাহিদাও ভালো। এসব পণ্য কীভাবে সরাসরি কুয়েতে রপ্তানি করা যায় সেদিকে এখন নজর দিতে হবে।’কুয়েত চেম্বারের মহাসচিব আরও বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্য বিক্রি নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশি পণ্যের চাহিদা বিবেচনা করে সে দেশের সরকার আমাদের পণ্য বিক্রির অনুমতি দিয়েছে। তবে তা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে বিক্রি করতে হবে।’মতবিনিময়ের সভাপতি ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বলেন, কুয়েতে মেলা করার উদ্দেশ্য হচ্ছে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সে দেশের ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহী করা যায়। এ দেশে ব্যয়সাশ্রয়ী শিল্প খাত সম্পর্কে জানানো যায়।আয়োজকেরা জানান, মেলায় বাংলাদেশের ১০০টির মতো প্রতিষ্ঠানের স্টল থাকবে।