
সাভারে ভবনধসে এক হাজারেরও বেশি শ্রমিকের মৃত্যুর খবর জানেন ৭০ শতাংশ মার্কিন নাগরিক। তাঁদের ৩৯ শতাংশ ভবিষ্যতে বাংলাদেশি পণ্য না-ও কিনতে পারেন বলে জানিয়েছেন।ব্লুমবার্গের পক্ষে পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। হ্যারিস পোল নামের একটি সংস্থা ব্লুমবার্গ-এর পক্ষে জরিপটি পরিচালনা করে।১৪-১৬ মে পর্যন্ত পরিচালিত ওই জরিপে অংশ নেন দুই হাজার প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নারীরা বেশি সংখ্যায় তাঁদের কেনাকাটার অভ্যাস পরিবর্তন করতে পারেন বলে জানিয়েছেন।গত ২৪ এপ্রিল বাংলাদেশের সাভারে রানা প্লাজা নামে আটতলা একটি ভবনধসে এক হাজার ১২৭ জন মারা যান। বিশ্বের শিল্প খাতে এই ঘটনাকে ভয়াবহতম বলে গণ্য করা হচ্ছে। ২৪ এপ্রিল পরবর্তী সপ্তাহগুলোতে উদ্ধারকারীরা জীবিত শ্রমিকের সন্ধান করছিলেন। আর এ সময়ের মধ্যে বিপুলসংখ্যক শ্রমিকের মৃত্যু গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার পায়। গত নভেম্বরে তাজরীন ফ্যাশনসে ১১২ জন শ্রমিক অগ্নিকাণ্ডে নিহত হওয়ার পর ভবনধসে হাজারো শ্রমিকের এই মৃত্যু বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা-ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের প্রয়োজনের বিষয়টি নজরে আনে।ব্লুমবার্গ জরিপে ক্রেতাদের জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁরা পোশাক কেনার সময় এটি কোথায় তৈরি, তার খোঁজ করেন কিনা। জবাবে ৪৪ শতাংশ ক্রেতা বলেছেন, তাঁরা লেবেল দেখেন। ৫৫ বছরের বেশি বয়স যাঁদের তাঁদের ৫৩ শতাংশ লেবেল দেখে পণ্য কেনেন। ১৮ থেকে ৩৪ বছর বয়সী মার্কিন নাগরিকের ৪৯ শতাংশ রানা প্লাজা ধস সম্পর্কে জানেন, কিন্তু ৫৫ বছরের ওপর যাঁদের বয়স তাঁদের ৮৬ শতাংশ ক্রেতা ধস সম্পর্কে জানেন।
বাংলাদেশের রপ্তানিকৃত পণ্যের ৮০ ভাগ দখল করে আছে বস্ত্র। এ খাতে কর্মরত আছেন প্রায় ৩০ লাখ ৫০ হাজার শ্রমিক। চীনে শ্রমিকদের বেতন বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে ওঠে। কারণ বাংলাদেশে শ্রমিকের বেতন কম।
ভবনধসের পর আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে পোশাক কারখানার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। পাইকারি বিক্রেতারা বিশেষত ইউরোপিয়ান চেইন শপগুলো যেমন হেনজ অ্যান্ড মরিস এ বি (এইচএমবি) এবং ইন্ডিটেক্স এস এ (আইটিএক্স) আগামী পাঁচ বছরে নজরদারি বাড়াতে ৬০ মিলিয়ন মার্কিন ডলার (৪৬৬ কোটি টাকারও বেশি) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ওয়ালমার্ট স্টোরস ও গ্যাপ অবশ্য ওই চুক্তিতে স্বাক্ষর করেনি। বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা ওয়ালমার্ট বাংলাদেশের ২৭৯টি প্রতিষ্ঠানের কাছ থেকে পোশাক কেনে। আগামী ছয় মাসের মধ্যে তারা এই কারখানাগুলো নিরাপদ কি না, সেটা পরিদর্শন শেষ করবে। পরিদর্শন প্রতিবেদনের তথ্য তখন প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।