বাংলাদেশি পণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার জার্মানি
বাংলাদেশি পণ্যের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজারে পরিণত হয়েছে জার্মানি। এটি দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কে নতুন মাত্রাও যুক্ত করেছে। বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ-জার্মান চেম্বার (বিজিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।রাজধানীর একটি হোটেলে গত শুক্রবার অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে চেম্বারের ৪০০তম সদস্যকে পরিচিত করানো হয়। এ সদস্য হলো রবার্ট বশক (বাংলাদেশ) লিমিটেড।অনুষ্ঠানের উদ্বোধন করেন চেম্বারের সভাপতি সাখাওয়াত আবু খায়ের। এতে উপস্থিত ছিলেন এ দেশে নিযুক্ত জার্মান চার্জ দি অ্যাফেয়ার্স র্যালফ রয়েশ, চেম্বারের নির্বাহী পরিচালক ড্যানিয়েল সাইডেল প্রমুখ।অনুষ্ঠানে জানানো হয়, রবার্ট বশক (বাংলাদেশ) লিমিটেড বশক গ্রুপের একটি সাবসিডিয়ারি কোম্পানি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ প্রতিষ্ঠানটি যানবাহন, শিল্পকারখানা ও ভবন নির্মাণ এবং ভোগ্যপণ্য তৈরিতে প্রযুক্তিগত যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে।অনুষ্ঠানে জার্মান-বাংলাদেশ চেম্বারের ৪০১তম সদস্য ফকির অ্যাপারেলস এবং ৪০২তম সদস্য আমরা টেকনোলজিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।