বাংলাদেশি পাটপণ্য রপ্তানিতে ভারতের শুল্কারোপ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে রপ্তানি করা পাটজাত পণ্যের ওপর যে ১৪ শতাংশ হারে কাউন্টারভেইলিং শুল্ক (সিভিডি) আরোপ করা হয়েছিল, ভারত সরকার তা প্রত্যাহার করে নিয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ভারতের অর্থ মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব রেভিনিউ এ বিষয়ে এক গেজেট নোটিফিকেশন জারি করেছে গত সোমবার। জনস্বার্থ বিবেচনা করে এ শুল্ক প্রত্যাহার করা হয় বলে ওই নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে।ভারতের এ শুল্কারোপ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয় উল্লেখ করে ভারতের কাছে লিখিতভাবে প্রতিবাদ জানায় বাংলাদেশ। কারণ, বিষয়টি নিয়ে প্রায় ৩০০ কোটি টাকার বাংলাদেশি পাটজাত পণ্য রপ্তানিতে অচলাবস্থার সৃষ্টি হয়। এ নিয়ে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয় বাণিজ্য মন্ত্রণালয়ে।সূত্র জানায়, বৈঠকগুলোতে বাংলাদেশি পাটজাত পণ্যের ওপর এই শুল্কারোপকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তা পাটশিল্প খাতের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে মন্তব্য করা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ভারতের আগের সিদ্ধান্তটি যথাযথ তথ্যের ওপর ভিত্তি করে গৃহীত হয়নি। বাস্তবে পাটজাত পণ্যের উপকরণ কাঁচা পাটের ক্ষেত্রে ভারতে কোনো এক্সাইজ ডিউটি (আবগারি শুল্ক) নেই। ফলে সমতার ভিত্তিতে আমদানি পর্যায়ে পাটজাত পণ্যের ওপর কোনো সিভিডি আরোপ করা যায় না।ডব্লিউটিওর নিয়মটি এ রকম যে, রপ্তানিমুখী কোনো পণ্যে ভর্তুকি দেওয়া হলে, তা মোকাবিলায় আমদানিকারক দেশ এই সিভিডি আরোপ করতে পারে।সূত্র জানায়, শুল্কারোপ শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, অন্য দেশের পাটপণ্যের ওপরও আরোপ করা হয়েছিল। সোমবার বাংলাদেশেরটি প্রত্যাহার করে নিলেও অন্য দেশগুলোর ক্ষেত্রে ভারতের কী সিদ্ধান্ত, তা জানতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়।