ব্যবসায়ীদের ভিসা সহজ করছে ভারত, উত্তর-পূর্ব রাজ্যগুলোয় বিনিয়োগের আহ্বান
বাংলাদেশি প্রতিষ্ঠানকে ভারতে কার্যালয় খুলতে দিন
শুল্কমুক্তসুবিধা মিললেও বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু অশুল্ক প্রতিবন্ধতা রয়ে গেছে। ভারতে বাংলাদেশি প্রতিষ্ঠানের কার্যালয় বা শাখা খোলার ক্ষেত্রেও বড় ধরনের বাধা আছে। এসব বাধা অপসারণে ভারতের কেন্দ্রীয় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আবার বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে উভয় দেশই অন্য দেশে বিনিয়োগ করতে পারে। বিশেষ করে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় বাংলাদেশ থেকে বিনিয়োগ করার যথেষ্ট সুযোগ আছে। তবে বাংলাদেশ থেকে বিদেশে বিনিয়োগে কিছু বিধিনিষেধ আছে। বাংলাদেশ সরকারের এ বিষয়টি বিবেচনা করা উচিত।ঢাকায় গতকাল থেকে শুরু হওয়া ইন্দো-বাংলা বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এবং বিকেলে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলো ও বাংলাদেশের বাণিজ্য সংলাপে এ রকম অভিমত উঠে আসে। ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স (আইবিসিসিআই) ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। উদ্বোধন: রাজধানীর সোনারগাঁও হোটেলে সকালে বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘বাণিজ্যিক সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে অথনৈতিকভাবে আরও লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এ জন্য উভয় দেশের উৎপাদিত পণ্যের প্রদর্শনী বিশেষ ভূমিকা রাখবে।’ভারতীয় বিনিয়োগকারীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আমরা স্বাগত জানাই। আশার কথা, ইতিমধ্যে ভারতীয় বিনিয়োগকারীরা আগ্রহ দেখিয়েছেন।’মুহিত আরও বলেন, ‘বছর দেড়েক আগে আমরা কয়েকটি বাংলাদেশি বিনিয়োগ-প্রস্তাব পৃথকভাবে বিবেচনা করেছি। বিনিয়োগের জন্য ভারত অবশ্যই একটি ভালো গন্তব্য।’বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ সরণ। সভাপতিত্ব করেন আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।উদ্বোধন অনুষ্ঠানে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নবম টুকি বাংলাদেশি উদ্যোক্তাদের তাঁর রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, অরুণাচলে প্রায় ৫৭ হাজার মেগাওয়াটা জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে। সে জন্য রাজ্য সরকার বিওওটি (নির্মাণ-মালিকানা-পরিচালনা-হস্তান্তর) ভিত্তিতে বিনিয়োগ আহ্বান করছে। বাণিজ্য সংলাপ: বিকেলে বাণিজ্য সংলাপে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি। এতে তিনি বলেন, বাণিজ্য বৃদ্ধি ও সম্পর্কোন্নয়নের জন্য আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর কোনো বিকল্প নেই। বাংলাদেশ সে জন্য ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিটসুবিধা দিতে কাজ করছে।দিপু মনি আরও বলেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর অর্থনৈতিক উন্নয়ন জোরদার হলে শুধু ভারত নয়, বাংলাদেশও লাভবান হবে। এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদ নির্মূলের কাজও সহজ হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কখনোই তার মাটিকে অন্য দেশে অন্তর্ঘাত চালানোর জন্য ব্যবহার করতে দেবে না। ভারত সরকার বাংলাদেশি ব্যবসায়ীদের এক বছর মেয়াদি বহুপক্ষীয় (মাল্টিপল) ভিসা দিতে শুরু করেছে। তাই বাংলাদেশ সরকারও অনুরূপ সুবিধা দেবে বলে জানান দিপু মনি।সংলাপে মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বলেন, পণ্য-বাণিজ্যের পাশাপাশি পর্যটন একটি বড় এলাকা, যার মাধ্যমে দুই দেশের মানুষজন পরস্পরের কাছাকাছি আসতে পারে। কাজেই এদিকে জোর দিতে হবে। আগামী বাণিজ্য সংলাপে মেঘালয়ের রাজধানী শিলংয়ে বাংলাদেশ ও উত্তর-পূর্ব রাজ্যগুলোর ট্যুর অপারেটরদের একত্র করা হবে বলেও তিনি জানান।মুকুল সাঙ্গমা আরও বলেন, ইতিমধ্যে একটি সীমান্তহাট চালু হয়েছে। আরেকটি চালুর প্রক্রিয়ায় রয়েছে। সীমান্ত হাটে বিকিকিনি যাই হোক না কেন, এটা সীমান্তের দুই পারের মানুষের মধ্যকার ছিন্ন হয়ে যাওয়া সামাজিক বন্ধন আবার ফিরিয়ে আনছে বলে তিনি মন্তব্য করেন।আলোচনায় অংশ নিয়ে ত্রিপুরার শিল্পমন্ত্রীজিতেন্দ্র চৌধুরী বলেন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করতে হলে মানুষে মানুষে যোগাযোগ বাড়াতে হবে।মূল প্রবন্ধ উপস্থাপনকালে আইসিসির (উত্তর-পূর্ব ভারত) চেয়ারম্যান এম কে সাহারিয়া বলেন, ভারতে শুল্কমুক্তসুবিধা কাজে লাগাতে হলে বাংলাদেশের রপ্তানিমুখী পণ্যের ভান্ডার বাড়াতে হবে। সাহারিয়া আরও বলেন, বাংলাদেশ থেকে ভারতে বিনিয়োগের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সব বাধা তুলে নিয়েছে। আর ভারতের বিনিয়োগনীতিও খুব স্বচ্ছ। বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য বলেন, বিভিন্ন অশুল্ক ও আধাশুল্ক বাধা অপসারণের জন্য ভারত সরকার কাজ করছে। ত্রিপুরা ও মিজোরাম সীমান্তে চারটি করে সীমান্ত হাট স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও জানান, ইতিমধ্যে সাতটি বাংলাদেশি প্রতিষ্ঠানকে ভারতে বিনিয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।আবদুল মাতলুব আহমাদ বলেন, গত ১০ মাসে অন্তত ২০টি ভারতীয় প্রতিষ্ঠানকে বাংলাদেশে শাখা কার্যালয় বা লিয়াজোঁ কার্যালয় খোলার অনুমতি দেওয়া হয়েছে। আমরা আশা করব, আগামী ১০ মাসে ভারত সরকার অন্তত ১০টি বাংলাদেশি প্রতিষ্ঠানকে এ সুবিধা দেবে।এই সংলাপে আরও বক্তব্য দেন আসামের জনস্বাস্থ্যমন্ত্রী গৌতম রায়, আইসিসির মহাপরিচালক রাজীব সিং, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মামুন রশীদ প্রমুখ। মেলা: বাণিজ্য মেলা আগামীকাল শনিবার পর্যন্ত সোনারগাঁও হোটেলের বলরুমে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলার পৃষ্ঠপোষক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল ‘গ্লোব্যাট’ (রহিমআফরোজ)। মেলার সার্বিক সমন্বয় করছে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (টিমস)।মেলায় ভারত ও বাংলাদেশের ৩০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ৩৩টি স্টল ও ছয়টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে।