বাংলাদেশি বালুও নিতে চায় মালদ্বীপ
বাংলাদেশ থেকে চাল, ওষুধ ও বালু আমদানি করতে আগ্রহী মালদ্বীপ। ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত মোহাম্মেদ অসিমের সঙ্গে গতকাল সোমবার সচিবালয়ে মতবিনিময়ের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, মালদ্বীপ বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। বাংলাদেশ আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ তুলনামূলক কম দামে সরবরাহ করতে সক্ষম উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নত দেশসহ বিশ্বের ১০৭টি দেশে বাংলাদেশ এখন ওষুধ রপ্তানি করছে। এ সুযোগ নিতে পারে মালদ্বীপ।
রাষ্ট্রদূত মোহাম্মেদ অসিম বলেন, বাংলাদেশ থেকে প্রয়োজনীয় সব পণ্যই আমদানি করতে আগ্রহী মালদ্বীপ। এর মধ্যে চাল, বালু, ওষুধ উল্লেখযোগ্য। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশ থেকে মালদ্বীপ বেশি ওষুধ আমদানি করবে।
বাংলাদেশি ক্রোকারিজ, শুকনা খাবার, কাপড়, শিশুদের পোশাক, সাবান, অলংকার, চামড়াজাত পণ্যেরও চাহিদা মালদ্বীপে রয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশ ২০১৪-১৫ অর্থবছরে মালদ্বীপে ৫৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে দেশটি থেকে আমদানি করেছে ১১ লাখ ৬০ হাজার ডলারের পণ্য।