বাংলাদেশি ব্যবসায়ীদের শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করার আহ্বান
সমুদ্রপথে পণ্য আমদানি-রপ্তানিতে বাংলাদেশের ব্যবসায়ীদের শ্রীলঙ্কার কলম্বো ও হাম্বানটোটা সমুদ্রবন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী জি জে এল নিওমাল পেরেরা।শ্রীলঙ্কার এই মন্ত্রী বলেছেন, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পণ্য আনা-নেওয়ায় সাত দিন সময় লাগে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বা কলম্বো বন্দর ব্যবহার করলে তিন থেকে চার দিন সময় কম লাগবে। এতে খরচও কমবে।বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, শিপিং এবং পর্যটনবিষয়ক সভায় এ কথা বলেন শ্রীলঙ্কার এই মন্ত্রী। মতিঝিলে নিজস্ব কার্যালয়ে গত বুধবার এ সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।গভীর সমুদ্রবন্দর না থাকায় এ দেশের ব্যবসায়ীরা পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রথমে ছোট জাহাজে করে সিঙ্গাপুরে পাঠান। সেখান থেকে বড় জাহাজে করে ইউরোপসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আমদানির ক্ষেত্রেও প্রথমে পণ্য সিঙ্গাপুরে আসে। সেখান থেকে ছোট জাহাজে করে বাংলাদেশে আনা হয়।এ দেশের ব্যবসায়ীদের শ্রীলঙ্কায় বিনিয়োগের আহ্বান জানিয়ে শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী পেরেরা বলেন, শ্রীলঙ্কার সরকার সে দেশে বিনিয়োগের জন্য করছাড়সহ বিশেষ কিছু সুবিধা দেবে। বাংলাদেশের ব্যবসায়ীরা বিনিয়োগ প্রস্তাব দিয়ে ওই সুবিধা পেতে পারেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বিনিয়োগ সুরক্ষা চুক্তি রয়েছে। তবে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি না থাকা একটা বড় সমস্যা। এ নিয়ে আলোচনা চলছে।এ দেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ডব্লিউএ সারাথ কে উইরাগোদা বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ তাদের সুন্দরবন ও অন্যান্য পর্যটন নিয়ে প্রচার চালালে শ্রীলঙ্কার পর্যটকেরাও এ দেশে আসবেন।শ্রীলঙ্কায় ওষুধ, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দাবি করেন ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান। তিনি বলেন, শ্রীলঙ্কায় ফুলকপি ও আলুর ব্যাপক চাহিদা রয়েছে। দেশটিতে এসব পণ্য প্রচুর পরিমাণে রপ্তানি করা সম্ভব।ঢাকা চেম্বারের সভাপতি চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের সঙ্গে শ্রীলঙ্কার কলম্বো ও ত্রিকোনমালির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের ওপর জোর দেন।অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, বর্তমান সহসভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম প্রমুখ বক্তব্য দেন।