বাংলাদেশি লোকবল কমাচ্ছে আইএফসি
দেশের বেসরকারি খাতকে সহযোগিতা করার জন্য বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায়।
তবে কী পরিমাণ বিনিয়োগ বাড়ানো হবে, তা স্পষ্ট করেনি প্রতষ্ঠানটি। অন্যদিকে বাংলাদেশ কার্যালয় থেকে লোকবল কমাচ্ছে প্রতিষ্ঠানটি।
আইএফসির পক্ষ থেকে জানানো হয়েছে যে গত দুই বছরে (২০১১-২০১৩) আইএফসি বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে বেসরকারি খাতে। আর চলতি ২০১৩-১৪ অর্থবছরে এ পর্যন্ত ১২টি প্রকল্পে ৪০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানি, ডেইরি, খাদ্যপণ্য, আর্থিক খাত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে প্রাধান্য দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এদিকে বিনিয়োগ বাড়িয়ে কর্মসূচি সম্প্রসারণের কথা বলা হলেও আইএফসির বাংলাদেশ কার্যালয় থেকে গত কয়েক মাসে ছয়জনকে কর্মচ্যুত করা হয়েছে। এমনকি দক্ষ ও যোগ্যতার স্বীকৃতি দিয়ে গত বছর যে কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে, কর্মসূচি না গুটিয়েও এ রকম একজন কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে।
আইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তারা একে কর্মচ্যুতি বা ছাঁটাই বলতে নারাজ। তাঁরা বলছেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অনেকেই চলে গেছেন।
সম্প্রতি ঢাকা সফরকালে আইএফসির দক্ষিণ এশিয়ার প্রধান সার্জ দেভিউ গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেই সভাতেই তাঁর কাছে আইএফসির বাংলাদেশ কার্যালয় থেকে লোক ছাঁটাই করার বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এখানে কোনো ছাঁটাই করা হয়নি। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং কোনো কোনো কর্মসূচির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় কোনো কোনো কর্মকর্তাকে নিয়মমাফিক চলে যেতে হয়েছে।’
তবে একাধিক সূত্রে জানা গেছে, গোটা দক্ষিণ এশিয়াতেই আইএফসির লোকবল কমানোর পরিকল্পনা গ্রহণ করা হয় বছর খানেক আগে। কিন্তু ভারত বাদ দিয়ে বাংলাদেশের ছয়জন ও নেপালের চারজন কর্মকর্তাকে কর্মচ্যুত করা হয়।
এ বিষয়ে সার্জ দেভিউ বলেন, এ ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। বরং সম্প্রতি ভারতের কলকাতা কার্যালয় গুটিয়ে নেওয়া হয়েছে।
আইএফসির ঢাকা কার্যালয়ের ছয়জন কর্মকর্তাকে বাদ দেওয়ার বিষয়ে জানতে চেয়ে গত মে মাসের প্রথম সপ্তাহে প্রথম আলোর পক্ষ থেকে আইএফসির বাংলাদেশের প্রধান কাইল এফ কেলহফারের কাছে একটি ই-মেইল করা হয়।
এরপর নয়াদিল্লি থেকে এর জবাব পাঠান আইএফসির দক্ষিণ এশীয় যোগাযোগপ্রধান মিনাক্ষী শেঠ। তাতে আইএফসি বাংলাদেশ থেকে লোক ছাঁটাই কিংবা কর্মকর্তাদের চুক্তি নবায়ন না করা-সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়া হয়।