সাত বছরেও এমএলসি-২০০৬ অনুসমর্থন করেনি বাংলাদেশ, ২০ আগস্ট শেষ দিন
বাংলাদেশি সমুদ্রজাহাজ বিদেশের বন্দরে ঢুকতে না পারারশঙ্কা
আন্তর্জাতিক বাণিজ্যে আরেকটি বড় ধরনের ধাক্কা খেতে পারে বাংলাদেশ। যদি আগামী ২০ আগস্টের মধ্যে আন্তর্জাতিক একটি কনভেনশন অনুসমর্থন না করে, তাহলে এ ধাক্কা আসবে। ২১ আগস্ট থেকে বাংলাদেশি পতাকাবাহী কোনো সমুদ্রগামী জাহাজ বিদেশের কোনো বন্দরে ঢুকতে বাধাপ্রাপ্ত হবে।
আবার দেশি-বিদেশি জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকেরা হারাতে পারেন তাঁদের চাকরি। কোনো বিদেশি জাহাজে বাংলাদেশি নাবিকদের নতুন চাকরি পেতেও সমস্যা তৈরি হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গৃহীত সামুদ্রিক জাহাজে শ্রম কনভেনশন-২০০৬ (এমএলসি-২০০৬) অনুসমর্থন না করার কারণে এ আশঙ্কা দেখা দিয়েছে। সাত বছর ধরেই বিষয়টি নিয়ে গড়িমসি করছে বাংলাদেশ। ২০ আগস্ট অনুসমর্থনের শেষ দিন।
বিষয়টি সুরাহার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তাগিদ দিয়ে নৌ মন্ত্রণালয় গত এক বছরে চার দফা চিঠি পাঠিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে। এখন দরকার জাহাজমালিক, শ্রমিক ও সরকার মিলে একটি ত্রিপক্ষীয় সভা আয়োজনের। সেটি করতে পারেনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির (বিওজিএসওএ) সদস্য মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘এমএলসি অনুসমর্থনের জন্য কয়েক বছর ধরেই আমরা নৌ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে আসছি। আর নৌ মন্ত্রণালয় বারবার তাগিদ দিচ্ছে দায়িত্বপ্রাপ্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে। দুঃখজনক যে, এক মাসও সময় নেই; অথচ কাজটি হয়নি।’
এ বিষয়ে শ্রমসচিব মিকাইল শিপার প্রথম আলোকে বলেন, ‘এ মাসের মধ্যেই ত্রিপক্ষীয় সভা আহ্বান করা হচ্ছে এবং যথাসময়ের আগেই কাজটি শেষ করার চেষ্টা রয়েছে।’
আইএলও ঢাকা কার্যালয় সূত্রে জানা গেছে, আইএলওর কোনো সদস্যরাষ্ট্র এই কনভেনশন অনুসমর্থন করুক বা না করুক, আগামী ২১ আগস্ট থেকে তা কার্যকর হবে। তার পর থেকে বাংলাদেশসহ সব সদস্যরাষ্ট্রই তা মানতে বাধ্য।
জাহাজে চাকরিকালীন নাবিকদের জন্য যথোপযুক্ত কর্মক্ষেত্র এবং আবাসস্থল নিশ্চিত করা এমএলসি-২০০৬-এর নীতি। এ ছাড়া রয়েছে জাহাজে চাকরি করার সময় নাবিকদের চাকরির শর্ত, কর্মঘণ্টা ও বিশ্রাম, মজুরি, ছুটি, নাবিকদের প্রত্যাবাসন, বাসস্থান, চিত্তবিনোদনের সুযোগ, খাদ্য, স্বাস্থ্য, পেশাগত, সামাজিক নিরাপত্তা ইত্যাদি।
এই কনভেনশন অনুযায়ী সমুদ্রযাত্রায় নিয়োজিত পতাকাবাহী জাহাজে শ্রম প্রত্যয়নপত্র থাকা বাধ্যতামূলক। যেসব জাহাজ তা মানবে না, বিদেশি জাহাজ-পরিদর্শকেরা ওই সব জাহাজ আটকে দেবেন। ক্ষেত্রবিশেষে জরিমানাও করে দিতে পারেন।
নৌ মন্ত্রণালয় থেকে শ্রম মন্ত্রণালয়ে পাঠানো চিঠিগুলোতে বলা হয়েছে, বাংলাদেশি পতাকাবাহী ৭১টি সমুদ্রগামী জাহাজ বিদেশের বন্দরে যায়। অন্যদিকে দেশি-বিদেশি জাহাজ মিলিয়ে নাবিক কাজ করেন ১২ হাজারের মতো। এমএলসি-২০০৬ অনুসমর্থন করা না হলে জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় চলাচল করতে পারবে না। পণ্য পরিবহনের জন্য তখন অন্য দেশের জাহাজ ভাড়া করতে হবে। এতে পণ্যমূল্য বেশি পড়বে।
আন্তর্জাতিক সমুদ্রযাত্রায় ৫০০ টন বা এর বেশি পণ্য বহনের ক্ষমতাসম্পন্ন জাহাজকে প্রত্যয়নপত্র নিতে হবে। তবে মৎস্য আহরণ, যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর কাজে সাহায্য এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী জাহাজের ক্ষেত্রে এই কনভেনশন প্রযোজ্য হবে না।
আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) পরামর্শে ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইএলওর মহাসম্মেলনে গৃহীত হয় এমএলসি-২০০৬। এতে তখন বলা হয়, এটি কার্যকর হবে সারা বিশ্বে একযোগে ২০১৩ সালের ২১ আগস্ট থেকে। আইএলও সূত্র জানায়, ৪০টি সদস্যরাষ্ট্র এরই মধ্যে এতে অনুসমর্থন করেছে।
এলএলসি-২০০৬-কে সামুদ্রিক বিশ্বের চতুর্থ স্তম্ভ হিসেবে ভাবা হয়। সমুদ্রেজীবনের নিরাপত্তা, নাবিকদের জন্য মানসম্পন্ন প্রশিক্ষণ ও সতর্ক দৃষ্টিনিবদ্ধকরণ এবং জাহাজ থেকে দূষণ প্রতিরোধবিষয়ক আইএমওর আরও তিনটি স্তম্ভ রয়েছে।
ব্রেভ রয়েল শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম বলেন, ‘এমএলসি অনুসমর্থন না করলে ২১ আগস্টের পর থেকে বাংলাদেশি সমুদ্রগামী জাহাজ বিদেশের বন্দরে ঢুকতে পারবে না। এটি অনেক বড় ঘটনা। এ ব্যাপারে সরকারের ঢিলেমি দেখে প্রতিদিনই অবাক হই আমরা।’
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমএলসি-২০০৬-এর সঙ্গে মিলিয়ে বিদ্যমান ১৯৮৩ সালের বাংলাদেশ নৌ-বাণিজ্য অধ্যাদেশ (বিএমএসও) সংশোধনের একটা উদ্যোগ নেওয়া হলেও সেটি আর এগোয়নি।
যোগাযোগ করা হলে নৌসচিব সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা চিন্তিত। এ ব্যাপারে নৌ মন্ত্রণালয়ের দিক থেকে চেষ্টার অন্ত নেই। কিন্তু শ্রমমানের বিষয় হওয়ায় আইএলওর শর্ত অনুযায়ী কাজটি করবে মূলত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আমরা তার অপেক্ষায় আছি।’