সম্প্রতি ভারত সরকার সে দেশ থেকে তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের সুতা ও বস্ত্র কারখানাগুলো বিপাকে পড়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিনপ্রথম আলো: ভারত সরকার তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় কী ধরনের প্রভাব পড়বে?জাহাঙ্গীর আলামিন: দেশের টেক্সটাইল মিলগুলোর জন্য বার্ষিক তুলার চাহিদার পরিমাণ প্রায় ৩৭ লাখ বেল, যার পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। এর মধ্যে সিংহভাগ অর্থাৎ প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশই ভারত থেকে আমদানি করা হয়। নিষেধাজ্ঞার কারণে তাই স্বাভাবিকভাবেই খাতটিতে নেতিবাচক প্রভাব পড়বে। এতে একই সঙ্গে সময় ও অর্থ দুটোই অপচয় হবে। উৎপাদন দারুণভাবে বাধাগ্রস্ত হবে। উৎপাদন ব্যয়ও বাড়বে। তখন তৈরি পোশাকের প্রথম ধাপ সুতা উৎপাদনেই আমরা অনেক পিছিয়ে পড়ব।প্রথম আলো: এখন কী পরিমাণ ব্যয় বৃদ্ধি বা ক্ষতি হতে পারে?জাহাঙ্গীর আলামিন: যেকোনো দেশের চেয়ে বর্তমানে কম দামে পাওয়া যায় ভারতীয় সুতা। এখন উজবেকিস্তান, আফ্রিকা, অস্ট্রেলিয়া বা আমেরিকা থেকে প্রতি কাউন্ট সুতা আমদানি করতে ভারতের চেয়ে ১০ থেকে ২০ সেন্ট বেশি পড়বে। এ ছাড়া নিষেধাজ্ঞা আরোপের পরপরই বাংলাদেশে আসতে থাকা তুলা বোঝাই ট্রাকগুলো বন্দরে আটকে দেওয়া হয়েছে। ফলে ব্যবসায়ীদের এখন আবার একসঙ্গে তিন মাসের তুলা আমদানি করতে হবে। এতে কমপক্ষে আরও দুই মাস সময়ও লাগবে। আবার এ জন্য ব্যাংক থেকে মোটা অঙ্কের সুদে ঋণ নিতে হবে।প্রথম আলো: ভারত সরকারের এ ধরনের সিদ্ধান্তের কারণ কী হতে পারে?জাহাঙ্গীর আলামিন: এ বিষয়ে তাদের বক্তব্য স্পষ্ট নয়। তারা নিশ্চিত করে কিছু বলেওনি। তবে আমাদের মনে হচ্ছে, ভারত সরকার বাংলাদেশের শিল্প কারখানাকে বেকায়দায় ফেলে আমাদের বাজার দখল করতে চায়। তারা এখন কাঁচামালের চেয়ে তৈরি পণ্য রপ্তানিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এতে মূল্য সংযোজন বাড়বে। বর্তমানে তুলার নিম্নমুখী বাজার দরে নিষেধাজ্ঞা আরোপের কারণে ভারতে তৈরি সুতার দাম কম হবে। তখন সে দেশের তুলার ওপর নির্ভরশীল বাংলাদেশের মিলগুলো অসম প্রতিযোগিতায় পড়বে। নিট পোশাকের উৎপাদকেরা ভারতের কম দামি সুতার দিকে ঝুঁকবেন। আসলে বাংলাদেশের ৭০০ কোটি ডলার মূল্যের সুতার বাজার দখল করতেই এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।প্রথম আলো: ভারতের সিদ্ধান্তের পরপরই দেশীয় কিছু মিল সুতার দাম বাড়ানোর অপতৎপরতা চালাচ্ছে—বিকেএমইএ এমন অভিযোগ করেছে। এ পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য কী?জাহাঙ্গীর আলামিন: এটা গতানুগতিক কথা। এসব বলে একটি পক্ষ আমাদের ওপর চাপ সৃষ্টি করতে চায় যেন তারা কম মূল্যে নিম্নমানের সুতা সহজে আমদানি করতে পারেন। আসলে ওই পক্ষটি বস্ত্র খাতের প্রাথমিক শিল্প কারখানার অগ্রযাত্রার বিষয়টি সহজভাবে নিতে পারেন না। অবজ্ঞা করেন। তবে তৈরি পোশাক খাতের এক হাজার ৮০০ কোটি ডলারের মধ্যে আমাদের নিজস্ব মূল্য সংযোজন মাত্র ২০ শতাংশ, যার একটি বিরাট অংশের অবদান পশ্চাদমুখী সংযোগ শিল্প কারখানার। শ্রীলঙ্কা, মরিশাস ও তাইওয়ানের মতো দেশে সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধু প্রাথমিক শিল্প কারখানার অভাবে তৈরি পোশাক খাতে সাফল্য পাচ্ছে না। প্রথম আলো: এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার কী ধরনের ব্যবস্থা নিতে পারে?জাহাঙ্গীর আলামিন: কিছু করলে বাংলাদেশ সরকারকেই করতে হবে। কারণ, সিদ্ধান্তটা ভারত সরকারের। গত বছরও ভারত একইভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই ক্ষতি মিল মালিকেরা এখনো পুষিয়ে উঠতে পারেননি। বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে সরকারকে উদ্যোগী হয়ে কিছু নীতি-সহায়তা দিতে হবে। সরকার সাময়িকভাবে ভারত থেকে সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এ ছাড়া আমাদের সক্ষমতা বিবেচনা করে ধীরে ধীরে বন্ডের মাধ্যমে সুতা আমদানির কোটা হ্রাস করতে হবে। রপ্তানিযোগ্য মোট তৈরি পোশাকের মধ্যে অন্তত ৫০ শতাংশের ক্ষেত্রে যদি দেশি সুতার ব্যবহার নিশ্চিত করা যায়, তবে এ খাতের মূল্য সংযোজন অনেক বেড়ে যাবে। অবশ্য এ জন্য গ্যাস, বিদ্যুৎ, যোগাযোগসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নেও কাজ করতে হবে। [সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার]