বাংলাদেশিরা নতুনকে গ্রহণ করতে আগ্রহী
সা ক্ষা ৎ কা র: তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তিসেবার বিভিন্ন দিক নিয়ে সম্প্রতি প্রথম আলোর সঙ্গে বিস্তারিত আলাপ করেছেন বেসরকারি মুঠোফোন কোম্পানি রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার

প্রথম আলো: রবি বলছে ৩.৫জি, কিন্তু ৩জি আর ৩.৫জির মধ্যে পার্থক্যটা কী?
মাইকেল ক্যুনার: আমরা ৩.৫জি সেবা দিচ্ছি। কারণ, আমরা ৩জির চেয়ে ভালো প্রযুক্তি স্থাপন করছি। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা শুরু হয়েছিল এ সহস্রাব্দের শুরুর দিকে, যা প্রায় এক দশক আগে। আর তখন থেকেই এ প্রযুক্তির অগ্রগতি হচ্ছে, তাই আমরা ৩.৫জি প্রযুক্তি স্থাপন করছি, যা এইচএসপিএ টেকনোলজি বা হাই স্পিড প্যাকেজ অ্যাকসেস নামে পরিচিত। যখন ৩জি প্রযুক্তি চালু হয় তখন তা ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশনস সিস্টেম (ইউএমটিএস) নামে পরিচিত ছিল। আরও আধুনিক ও দ্রুত গতিসম্পন্ন ইউএমটিএস প্রযুক্তির নাম হচ্ছে ৩.৫জি বা এমনকি ৩.৭৫জি। মূল পার্থক্যটা হচ্ছে ৩.৫জি ইন্টারনেটের দ্রুততর গতিকে নির্দেশ করে।
প্রথম আলো: রবি ৩.৫জি নিয়ে কীভাবে এগোচ্ছে? আপনাদের পরিকল্পনা কী?
মাইকেল ক্যুনার: অপারেটর হিসেবে আমরা দ্রুত নেটওয়ার্ক বিস্তৃতির চেয়ে মানসম্পন্ন গ্রাহকসেবার প্রতিই বেশি গুরুত্ব দিচ্ছি। বর্তমানে আমরা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৩.৫জি নেটওয়ার্ক স্থাপন করেছি। এ সেবা এখনো নির্দিষ্ট কয়েকটি স্থানে সীমাবদ্ধ। কিন্তু ২০১৩ সালের শেষ নাগাদ ধাপে ধাপে আমাদের গ্রাহকের কমপক্ষে ৪০ শতাংশ ও ইন্টারনেট ব্যবহারকারীর ৬০ শতাংশকে এ সেবার আওতায় আনা হবে। ২০১৪ সালের প্রথম প্রান্তিকের মধ্যে বর্তমান গ্রাহকদের ৬০ শতাংশ এ সেবার আওতায় আসবে বলে আশা করি।
প্রথম আলো: ৩.৫জি সেবার মাধ্যমে টেলিযোগাযোগ খাত তথা অর্থনীতি কীভাবে উপকৃত হবে?
মাইকেল ক্যুনার: ৩.৫জির মূল উপকারটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার। সাশ্রয়ী মূল্যে চীনা ৩জি প্রযুক্তি ব্যবহারের উপযোগী সেট ও ট্যাবলেট আসার কারণে প্রতিবন্ধকতাগুলো উঠে যাচ্ছে। অন্যদিকে কম কনটেন্টের ব্যাপারটিকে এ দেশে একটি চ্যালেঞ্জ বা সুযোগ হিসেবে দেখা যেতে পারে। শিক্ষার হারের কারণে অনেকে নিজে পড়তে না পারায় তাদের জন্য ৩.৫জি প্রযুক্তির মাধ্যমে ভিডিও কনটেন্ট সহায়ক হবে। এর মূল উপকারটা হবে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবশ্যই তথ্য ও বিনোদনের ক্ষেত্রে। ৩.৫জির মাধ্যমে বড় শহরগুলোর স্বাস্থ্য পরামর্শ ছোট শহর ও গ্রামগুলোতে কার্যকরভাবে পৌঁছে দেওয়া যাবে। ফোনের মাধ্যমে চিকিৎসকেরা পরামর্শ দিতে পারবেন।
প্রথম আলো: ৩.৫জি সেবা দিতে আপনারা কী পরিমাণ বিনিয়োগ করেছেন?
মাইকেল ক্যুনার: আগামী বছর নেটওয়ার্ক খাতে আমরা ২০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করব। এর মধ্যে ২০১৪ সালে ৩.৫জির বিনিয়োগও অন্তর্ভুক্ত রয়েছে। স্বভাবতই ৩.৫জি সেবার গ্রাহক বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগের পরিমাণও বাড়াতে হবে।
প্রথম আলো: ৩জি প্রযুক্তি ব্যবহারের উপযোগী মোবাইল ফোন সেটের অভাব রয়েছে। এ ব্যাপারে আপনি কী বলবেন?
মাইকেল ক্যুনার: এ দেশে মাত্র ৫ শতাংশ মোবাইল ফোন সেট ৩জি প্রযুক্তি ব্যবহারের উপযোগী। তবে ৩জি প্রযুক্তি চালু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ দ্রুত সেসব সেট ব্যবহার শুরু করবে। দুই বছর আগেও একটি ৩জি প্রযুক্তি ব্যবহারের উপযোগী মোবাইল ফোন সেটের দাম ছিল ১৫০ মার্কিন ডলারের বেশি। বর্তমানে তা কমে নেমে এসেছে। চীন থেকে মানসম্পন্ন ৩জি প্রযুক্তি ব্যবহারের উপযোগী সেট আসছে। আমার অভিজ্ঞতায় দেখেছি, বাংলাদেশিরা নতুনকে গ্রহণ করতে আগ্রহী, পুরোনোকে পেছনে ফেলে তারা দ্রুত নতুন প্রযুক্তিকে গ্রহণ করে।
প্রথম আলো: বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্প নিয়ে আপনার মতামত কী?
মাইকেল ক্যুনার: খুবই সম্ভাবনাময় ও প্রতিযোগিতামূলক। আর্থসামাজিক উন্নয়নে এর ব্যাপক প্রভাব রয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, সক্ষমতা অর্জন ও নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখছে। জনগণের জীবনযাত্রার মান ইতিবাচকভাবে পরিবর্তিত হচ্ছে। তবে এ দেশের টেলিযোগাযোগ খাতে সর্বনিম্ন ট্যারিফ এবং সর্বোচ্চ কর রয়েছে। ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে পট পরিবর্তন হচ্ছে এবং এখন সময় সামনের দিকে তাকানোর।
[সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ]