বাংলাদেশিরা বড় সুইস ব্যাংকে আগ্রহী নন!
ভারতীয়রা সুইস ব্যাংকগুলোতে অর্থ গচ্ছিত রাখার ক্ষেত্রে সেখানকার দুই বড় ব্যাংককেই প্রাধান্য দিয়েছেন। আর তাই গত বছর ভারতীয়দের গচ্ছিত ১৯৫ কোটি সুইস ফ্রাঁ বা ২১৭ কোটি ৩২ লাখ ডলারের দুই-তৃতীয়াংশই আছে এই দুই ব্যাংকে।
ব্যাংক দুটি হলো ইউবিএস ও ক্রেডিট সুইসে। সুইজারল্যান্ডের ২৮৩টি ব্যাংকের মধ্যে সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবি (দেশটির কেন্দ্রীয় ব্যাংক) উল্লিখিত ব্যাংক দুটিকে সেখানকার বড় ব্যাংক হিসেবে চিহ্নিত করেছে।
অবশ্য বাংলাদেশিদের ক্ষেত্রে চিত্রটি উল্টো। গত বছর সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের খুব সামান্যই আছে বড় দুই সুইস ব্যাংকে। এসএনবির ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড ২০১৩’ শীর্ষক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
এতে দেখা যায়, গত বছর বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাত্র এক কোটি ৭০ লাখ সুইস ফ্রাঁ বা এক কোটি ৮৯ লাখ ডলার বা ১৪৫ কোটি টাকা গচ্ছিত রয়েছে ইউবিএস ও ক্রেডিট সুইসে। অথচ ২০১৩ সাল শেষে সুইস ব্যাংকিংব্যবস্থায় বাংলাদেশিদের গচ্ছিত মোট অর্থের পরিমাণ ৩৭ কোটি ১৯ লাখ সুইস ফ্রাঁ, যা প্রায় ৪১ কোটি ৪০ লাখ ডলার বা তিন হাজার ১৬২ কোটি ৩৭ লাখ টাকা।
সে হিসাবে বাংলাদেশিদের মোট গচ্ছিত অর্থের মাত্র সাড়ে ৪ শতাংশ দুই বড় সুইস ব্যাংকে রয়েছে। বাকি অর্থ অন্য ব্যাংকগুলোতে রয়েছে। তবে কোন ব্যাংকে কত অর্থ রয়েছে, তার বিস্তারিত কোনো উপাত্ত ওই প্রতিবেদনে দেওয়া হয়নি। আর কেনই বা বড় ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ এত কম, তার কোনো ব্যাখ্যাও মেলেনি৷
বিপরীতে ভারতীয়দের ১৩৬ কোটি ৫০ লাখ সুইস ফ্রাঁ বা ১৫১ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার রয়েছে ইউবিএস ও ক্রেডিট সুইসে। এটি ভারতীয়দের মোট গচ্ছিত অর্থের ৬৮ শতাংশ।
এদিকে সুইস ব্যাংকে যেসব ভারতীয় ব্যক্তি ও প্রতিষ্ঠান কর ফাঁকি দিয়ে অর্থ গচ্ছিত রেখেছে, তাদের একটি তালিকা তৈরি করেছে সুইস সরকার। এই তালিকা ইতিমধ্যে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোিদ দায়িত্বভার গ্রহণের পরই সে দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে যে বিশেষ তদন্ত দল গঠন করেছে, সুইস সরকার তাদের সহযোগিতা দেবে বলেও জানিয়েছে।
বাংলাদেশের পরিস্থিতি: সুইস ব্যাংকে বাংলাদেশিদের তিন হাজার কোটি টাকার বেশি গচ্ছিত থাকার তথ্যসংবলিত একটি প্রতিবেদন ২০ জুন প্রথম আলোয় প্রকাশিত হয়। এটির সূত্র ধরে গত দুই দিনে একাধিক পত্রপত্রিকা ও টেলিভিশনে এ-সংক্রান্ত কয়েকটি প্রতিবেদন হয়। এসব প্রতিবেদনে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সরকারের করণীয় নিয়ে প্রশ্ন তোলা হয়।
গতকাল রোববার সকালে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুইস ব্যাংকসহ বিভিন্ন দেশে বাংলাদেশের টাকা চলে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সাংসদ কাজী ফিরোজ রশীদ৷
বেলা ১১টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়৷ দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়৷ এর পরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেন কাজী ফিরোজ রশীদ৷
জাপার এই সাংসদ বলেন, সরকারের নীতি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে৷ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা চলে যাচ্ছে৷ এ ছাড়া আমেরিকা, কানাডা ও মালয়েশিয়ায়ও টাকা চলে যাচ্ছে৷ এটা উদ্বেগজনক৷
অন্যদিকে গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বার্তা সংস্থা বাসসকে জানানো হয়েছে, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বতর্মানে বাংলাদেশিদের গচ্ছিত অর্থ প্রকৃতপক্ষে দেশ থেকে পাচার হওয়া কি না, এ বিষয়ে খোঁজ নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গচ্ছিত ওই সব অর্থের প্রকৃত মালিককে শনাক্ত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বাসসকে বলেন, ‘সুইজারল্যান্ড বা অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করে বা ব্যবসা করেন—এমন বাংলাদেশি নাগরিক বা প্রতিষ্ঠান যেকোনো বিদেশি ব্যাংকে টাকা জমা করতে পারেন। আমরা দেখব, বাংলাদেশে বসবাসরত কেউ সুইস ব্যাংকে টাকা জমা করেছেন কি না এবং করলে সেটা কেন করেছেন।’ তিনি জানান, কেবল সুইস ব্যাংক নয়, অন্য কোনো দেশেও অর্থ পাচার হয়েছে সন্দেহ হলে সে সম্পর্কে জানার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ বর্তমানে অর্থ পাচারবিরোধী আন্তর্জাতিক জোট এগমন্ট গ্রুপের সদস্য হওয়ায় এ তথ্য পেতে সুবিধা হবে কি না, জানতে চাইলে মাহফুজুর রহমান বলেন, ‘অন্য দেশের ব্যাংক থেকে তথ্য পেতে কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। সুইস সরকারের সঙ্গে আমাদের কোনো এমওইউ বা সমঝোতা স্মারক নেই। তাদের কাছ থেকে তথ্য পেতে হলে আগে এমওইউ স্বাক্ষর করতে হবে।’ উল্লেখ্য, এগমন্ট গ্রুপ হলো মানি লন্ডারিং প্রতিরোধে গঠিত বিভিন্ন দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটগুলোর একটি ফোরাম।