বাংলাদেশিরাও চরম বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকস্মিকভাবে ভারত সরকার দেশটিতে ৫০০ ও ১০০০ রুপির নোটের লেনদেন নিষিদ্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন বাংলাদেশে ফেরা পাসপোর্টের যাত্রীরা। তাঁদের কাছে থাকা এসব নোটের রুপি হোটেল-রেস্তোরাঁ বা কোনো মানি চেঞ্জার প্রতিষ্ঠান নিচ্ছে না। বেনাপোল ও পেট্রাপোলের হাতে গোনা দু-একটি মানি চেঞ্জার প্রতিষ্ঠান এ দুটি নোট নিলেও যথাযথ মূল্য (বাটা) দিচ্ছে না। যে কারণে বাংলাদেশি যাত্রীরা ভারত থেকে ফেরার পথে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভারত থেকে ফেরা যাত্রীরা গতকাল বুধবার যশোরের বেনাপোল তল্লাশিচৌকি এলাকায় এ ধরনের অভিযোগ করেন।
গতকাল বেনাপোল তল্লাশিচৌকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরেন ঢাকা শহরের মুগদা এলাকার বাসিন্দা জয় আহম্মেদ। তিনি এ প্রতিবেদককে বলেন, ৭ নভেম্বর ভারতে গিয়ে দুই দিন পর দেশে ফিরেছেন। ৫০০ ও ১০০০ রুপির নোট নিষিদ্ধ ঘোষণার পর থেকে কোনো থাকার হোটেল ও খাবারের রেস্তোরাঁয় এসব নোট নেয়নি। যশোরের শার্শা উপজেলার বাসিন্দা ইয়ানুর রহমান জানান, ভারতে কাজ মেটানোর পর ৪০ হাজার টাকা ছিল। পেট্রাপোলে এসে ওই টাকা ভাঙাতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ প্রথম আলোকে বলেন, ভারত থেকে দেশে ফেরা একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার কাছে কয়েকটি ১০০০ ও ৫০০ রুপির নোট ছিল। কিন্তু সেটি ভাঙাতে পারেননি। ভারতে যোগাযোগ করলে সেখানকার কর্মকর্তারা বলেছেন যে তাঁদের কিছুই করার নেই।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল অন্তত দুই হাজার যাত্রী পাসপোর্টের মাধ্যমে দেশে ফিরেছেন। ভারতে গেছেন অন্তত দুই হাজার যাত্রী। এসব মানুষ এখন ভোগান্তির শিকার হচ্ছেন।