বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন (বিটিএ) বা বাংলাদেশীয় চা সংসদের ৫২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি সংগঠনের চট্টগ্রামের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সমিতির সভাপতি মোহাম্মদ সাফওয়ান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চা-শিল্পের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। সভায় ২০১২-১৪ সাল মেয়াদে সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি অনুমোদন করা হয়। এতে সংগঠনের বর্তমান সভাপতি সাফওয়ান চৌধুরী আবার সভাপতি মনোনীত হন। আরদাশির কবির জ্যেষ্ঠ সহসভাপতি ও এম শাহ আলম সহসভাপতি মনোনীত হন।সমিতির নতুন কার্যনির্বাহী সদস্যরা হলেন এস এস ইফতেখার আহমেদ, এইচ এস এম জিয়াউল আহসান, সিরাজউদ্দিন আহম্মেদ, এম নুরুল আলম, কাজী ইসতেয়াক আহম্মেদ, এস এন তাহের, এম সামাদ চৌধুরী, এম ওয়াহিদুল হক, মীর মাহবুবুল হক, ফাহমিদা হোসেন খান, গোলাম মোস্তফা, মোরশেদুল আলম কাদেরী এবং এম সালমান ইস্পাহানী। বিটিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রসঙ্গত, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চা-বাগান মালিকদের নিয়েই বাংলাদেশীয় চা সংসদ গঠিত।