ওয়ালমার্ট বাংলাদেশ থেকে অধিক হারে তৈরি পোশাক কিনতে আগ্রহী। তবে এর আগে তারা বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা দেখতে চায়। এ ক্ষেত্রে শিল্পের সক্ষমতার পাশাপাশি গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। আয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় খুচরা-বিক্রেতা প্রতিষ্ঠান আমেরিকাভিত্তিক ওয়ালমার্টের নতুন প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডগ ম্যাকমিলান গত বৃহস্পতি ও শুক্রবার বাংলাদেশ সফরকালে এ ধরনের মত প্রকাশ করেছেন। ডগ ম্যাকমিলান গত ৭ জানুয়ারি ওয়ালমার্টের এই দায়িত্ব পান এবং এশিয়ার সব শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আকস্মিক সফরে আসেন বাংলাদেশে। সফরকালে ডগ ম্যাকমিলান তৈরি পোশাক মালিক সমিতির (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ সংগঠনের তিনজন প্রতিনিধি ও নিজস্ব কর্মকর্তা, সহযোগী ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ওয়ালমার্টে পণ্য সরবরাহ করে এমন সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁর কাছে জানতে চেয়েছিলাম, চীনের পর বাংলাদেশকে তারা গুরুত্ব দিচ্ছে কি না। জবাবে ডগ ম্যাকমিলান বলেছেন, আমার সফর তারই ইঙ্গিত বহন করে।’জানা গেছে, বাংলাদেশের সঙ্গে বড় ধরনের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের জায়গা থেকে ওয়ালমার্ট অনেক দিন ধরেই তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে তাদের আশা, কোনো একটি বিশেষ এলাকায় পোশাক খাতের সব সহযোগী প্রতিষ্ঠান গড়ে উঠলে এবং সেখানে সব ধরনের অবকাঠামোগত সুবিধা থাকলে তাদের পক্ষে পোশাক কেনা সহজ হয়। এ প্রস্তাব বিভিন্ন সময় তারা সরকারের বিভিন্ন মহল ও বিজিএমইএ নেতাদের কাছে দিয়েছেন বলে জানা গেছে।চীন থেকে ওয়ালমার্ট সর্বাধিক পরিমাণ পোশাকপণ্য নিয়ে থাকে। কিন্তু বিশ্বমন্দা পরিস্থিতির পর তাদের কৌশল পরিবর্তন হয়েছে। আরও অনেক ছোটবড় ক্রেতা-প্রতিষ্ঠানের মতো ওয়ালমার্টও বাংলাদেশকে বেছে নিয়েছে তাদের গন্তব্য হিসেবে। এই প্রক্রিয়ায় ওয়ালমার্টের প্রেসিডেন্টের বাংলাদেশে আকস্মিক সফর বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আমেরিকায় বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় ৪৫ ভাগ এবং ইউরোপের রপ্তানির অন্তত ১৫ ভাগ যায় ওয়ালমার্টের মাধ্যমে।