বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে

বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। এ দেশে জনসংখ্যার বিবেচনায় বিশাল বাজার রয়েছে। আর অর্থনীতির মৌলিক সূচকগুলো ঠিকভাবে চললে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবেই।
সম্প্রতি ঢাকা সফরকালে প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় সিটিব্যাংক এনএর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন বার্ড এসব কথা বলেন। তিনি ক্ষুদ্রঋণ ব্যবস্থা, বিদেশি বিনিয়োগ, আর্থিক খাত, এশিয়া অঞ্চলের অর্থনীতিসহ বিভিন্ন বিষয়েও তাঁর মতামত তুলে ধরেন।
স্টিফেন বার্ড বলেন, বাংলাদেশে দুই কোটি লোক আছেন, যাঁরা ক্রমান্বয়ে উদ্যোক্তা হতে পারেন। এর মানে হলো এ দেশে দুই কোটি লোকের ক্ষুদ্রঋণের বাজার রয়েছে। তাঁরা দেশের প্রবৃদ্ধিতে সহায়তা করছেন। বাংলাদেশে যে গড়ে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে, তাতে ক্ষুদ্রঋণের অবদান রয়েছে। মা-বাবা, ছেলেমেয়েসহ পরিবারের সদস্যরা কাজ করে এই প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করছেন।
বার্ড মনে করেন, বিশ্বমন্দায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হলো একটি উৎকৃষ্ট উদাহরণ। ৫-৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মানে হলো যে কেউ এখানে বিনিয়োগ করতে পারেন এবং এ দেশের অর্থনীতির মৌলিক সূচক ভালো।
বার্ড বলেন, পৃথিবীর অর্ধেক জনসংখ্যাই এশিয়ায়। ফলে এখানে বিশাল বাজার রয়েছে, যা অর্থনীতির মৌলিক বিষয়। গত দুই দশকে এশিয়ার মধ্যবিত্ত শ্রেণীর ব্যাপক উদ্ভব হয়েছে, যা ব্যাপক বাজার তৈরি করেছে। যেমন সেলফোন ও স্মার্টফোনের বাজার বেড়েছে।
বাংলাদেশে সামগ্রিক বিনিয়োগ পরিবেশ কেমন? এমন প্রশ্নের জবাবে বার্ড বলেন, বাংলাদেশের মূল সমস্যা হলো অবকাঠামো দুর্বলতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব। পাঁচ বছর পর পর ক্ষমতার পরিবর্তন ঘটবে, এটা স্বাভাবিক। কিন্তু বিদেশি বিনিয়োগ আসে দীর্ঘমেয়াদি পরিকল্পনায়। তাই বাংলাদেশে কখনোই বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে না। বিনিয়োগ পরিবেশে নাটকীয় কোনো পরিবর্তন হবে না। তবে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার সঠিক কৌশল নিতে হবে।
সিটিব্যাংক এনএর বাংলাদেশে কার্যক্রম সম্পর্কে বার্ড বলেন, সিটিব্যাংক এনএ সব সময় গ্রাহকদের আস্থার বিষয়টি বিবেচনায় রাখে। এ দেশে সিটিব্যাংকের শাখা মাত্র চারটি। কিন্তু তথ্যপ্রযুক্তির এই যুগে শাখা বাড়িয়ে গ্রাহকদের সেবা দেওয়ার চেয়ে প্রযুক্তিনির্ভর সেবা দেওয়ার দিকে বেশি মনোযোগী সিটিব্যাংক এনএ। ল্যাপটপ, মোবাইল ফোনের মাধ্যমেই গ্রাহকেরা এখন ব্যাংকিং সেবা পেতে পারে। গ্রাহকেরা যা চান তা-ই দেওয়াটাই সিটিব্যাংক এনএর বড় কাজ। এই ব্যাংকটি বিশ্বব্যাপী একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে।