বাংলাদেশে আট হাজার কোটি টাকার বন্ড ছাড়বে আইএফসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ১০০ কোটি ডলারের বন্ড ছাড়বে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। স্থানীয় মুদ্রায় বন্ডটির মূল্যমান হবে প্রায় আট হাজার কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে)। এই বন্ডের নাম হবে ‘টাকা বন্ড’। বর্তমানে দেশে ‘ডলার বন্ড’ চালু রয়েছে।
বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে আইএফসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জিং ইয়ং চাইয়ের সঙ্গে গত শনিবার অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থসচিব মাহবুব আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংক ও আইএমএফের তিন দিনব্যাপী বসন্তকালীন বৈঠকে যোগ দিতে অর্থমন্ত্রী ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। গত শুক্রবার শুরু হওয়া এই বৈঠক গতকাল রোববার শেষ হয়েছে।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বন্ডের ব্যাপারে অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু আইএফসির প্রস্তাবেই আমরা সাড়া দিচ্ছি।’
বাংলাদেশে তো এখন পর্যন্ত বন্ড মার্কেট জনপ্রিয় হয়নি, তাই এ উদ্যোগ সফল হবে কীভাবে—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে অনেক সঞ্চয় আছে। এই বন্ড যাঁরা কিনবেন, বিনিময়ে তাঁরা ভালো সুদ পাবেন।’ এতে সরকার ও আইএফসি উভয় পক্ষেরই লাভ হবে বলে অর্থমন্ত্রী মনে করেন।
অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজার থেকে ১০০ কোটি ডলার সংগ্রহ করে বাংলাদেশি টাকায় তা বন্ড আকারে ছাড়তে চায় বিশ্বব্যাংক। তিনি বলেন, বিদেশে ব্যাংকে টাকা রাখলে সুদ পাওয়া যায় না। এই বন্ডে বিনিয়োগ করলে ভালো মুনাফা পাবেন প্রবাসীরা।
কবে চালু হতে পারে এই বন্ড—জানতে চাইলে অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, বন্ডের নানা দিক নিয়ে এখন কাজ করতে হবে। সময়টা এখনই বলা যাচ্ছে না।
বিশ্বব্যাংক-আইএমএফের এই বসন্তকালীন বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ে জোর দেওয়া হয় জানিয়ে মুহিত বলেন, সেপ্টেম্বর-অক্টোবরে যে বার্ষিক সভা হয়, তখন কোনো বিষয়ে বিশদ আলোচনা করা যায় না। তিনি বলেন, বসন্তকালীন বৈঠক ভালো। তাড়াহুড়ো করতে হয় না। অনেকের সঙ্গেই গুরুত্বসহকারে দ্বিপক্ষীয় কথাগুলো বলা যায়।
আইএফসির সঙ্গে বৈঠকের আগে বিশ্বব্যাংকের সঙ্গে পরিবহন যোগাযোগ খাত নিয়ে আরেকটি বৈঠক করেন অর্থমন্ত্রী। সেই সম্পর্কে তিনি বলেন, ‘সড়ক পরিবহন খাতে বিশ্বব্যাংকের কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। আরও এগিয়ে আসবে তারা। আমি বলেছি, আমরা এখন রেলপথ ও নৌপথে জোর দিচ্ছি।’
অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংক রেল ও নৌপথ খাতে সহায়তার ব্যাপারে আশ্বাস দিয়েছে। তিনি বলেন, ‘রেলপথে আমরা খুবই পিছিয়ে। দুনিয়া থেকে যেসব উঠে গেছে, সেগুলো নিয়ে চলছে আমাদের রেলপথ। নৌপথ-সম্পর্কিত বিশ্বব্যাংকের একটি প্রকল্প ছিল কয়েক দশক আগের। এই পথে সংস্থাটি সাহায্য করবে বলে আশা করছি।’
অর্থমন্ত্রী বলেন, ‘পরিবহন যোগাযোগ খাতসংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এত বড় অভাব যে আমি সমাধান করতে পারব না। এটি প্রধানমন্ত্রীকে করতে হবে।’
উড়ালসড়ক নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) মধ্যেও নানা দ্বিধা রয়েছে বলে মুহিত উল্লেখ করেন।
বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকের দ্বিতীয় দিন শনিবারের কার্যক্রম শুরু হয় অর্থমন্ত্রী ও গভর্নরদের ফটোসেশনের মধ্য দিয়ে। ফটোসেশনের দ্বিতীয় সারিতে ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী। গত বার্ষিক সভার ফটোসেশন শুরু হয়েছিল নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। এবারের বসন্তকালীন বৈঠকের ফটোসেশনও শুরু হয় আরও পাঁচ মিনিট দেরিতে, অর্থাৎ ৩৫ মিনিট পর।
বসন্তকালীন বৈঠক থেকে মোটের ওপর বাংলাদেশের জন্য বার্তা কী—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এই তো আইএফসির বন্ড, যোগাযোগ পরিবহন খাতে সাহায্যের আশ্বাস।’
বিশ্বব্যাংক-আইএমএফের বিগত বার্ষিক সভায় বাংলাদেশকে বাজেট সহায়তা বাবদ ৫০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। এ ব্যাপারে কোনো অগ্রগতি আছে কি না—জানতে চাইলে অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, ‘এখানে এটা নিয়ে সামান্য আলোচনা হয়েছে। তবে এর মূল কাজ চলছে। এটা দ্রুতই হবে বলে আমি আশা করছি।’
তবে তিন বছরের জন্য বাজেট-সহায়তা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা দুই বছরের জন্য হবে বলে জানা গেছে।