বাংলাদেশে আসতে মার্কিন উদ্যোক্তাদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ওই দেশের বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অনুকূল।

গত শুক্রবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের আমন্ত্রণে শেখ হাসিনা এ দেশের প্রথমসারির বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বহুজাতিক করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি এই আহ্বান জানান।

রুদ্ধদ্বার এই বৈঠকের ব্যাপারে বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা প্রথম আলোকে জানান, এই প্রথম এত বিপুলসংখ্যক ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের কোনো সরকারপ্রধান সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন। তিনি বলেন, বাংলাদেশের ব্যাপারে মার্কিন বিনিয়োগকারীরা গভীর আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশে বিনিয়োগকৃত মূলধন থেকে মুনাফা দেশের বাইরে পাঠানোর কোনো কড়াকড়ি নেই, এই ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান।

মুখপাত্রটি জানান, কোনো কোনো ব্যাপারে তাঁরা এখনো যেসব সমস্যার সম্মুখীন হন, ব্যবসায়ী প্রতিনিধিরা সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা বিশেষভাবে শুল্কসংক্রান্ত জটিলতার বিষয়টি তুলে ধরেন। সরকারি পর্যায়ে এখনো লাল ফিতার দৌরাত্ম্য আছে, সে বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এই বৈঠকে যেসব মার্কিন ও বহুজাতিক কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন সেসব কোম্পানির মধ্যে ছিল স্কাই পাওয়ার গ্লোবাল, আমেরিকান টাওয়ার করপোরেশন, ফেডেক্স এক্সপ্রেস, মাস্টারকার্ড ইন্টারন্যাশনাল, ওয়ালমার্ট, বোয়িং কোম্পানি, শেভরন ও কোকাকোলা।

বাংলাদেশিদের পক্ষে এই আলোচনায় অংশগ্রহণকারী একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, এই আলোচনা থেকে স্পষ্ট, বাংলাদেশের ব্যাপারে বিদেশি বিনিয়োগকারীরা আগের যেকোনো সময়ের চেয়ে অধিক আস্থাবান।