বাংলাদেশে ইউনিক্লোর বিক্রয়কেন্দ্র চালু হচ্ছে
বাংলাদেশে সরাসরি পোশাক বিক্রি শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক বাজার-জাতকারী প্রতিষ্ঠান ইউনিক্লো। এ জন্য প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ঢাকায় দুটি বিক্রয়কেন্দ্র (আউটলেট) চালু করছে। রাজধানীর এলিফ্যান্ট রোড ও রামপুরা বনশ্রীতে আজ শুক্রবার সকালে এই দুটি বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস প্রবর্তিত ‘সামাজিক ব্যবসা’ ধারণা গ্রহণ করে এর আওতায় বাংলাদেশে এভাবে সরাসরি পোশাক বাজারজাত শুরু করছে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লো। ‘গ্রামীণ ইউনিক্লো লিমিটেড’ নামে বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে। এর ৯৯ শতাংশ মালিকানা রয়েছে ইউনিক্লোর হাতে। আর গ্রামীণ হেলথ ট্রাস্টের হাতে রয়েছে এক শতাংশ শেয়ার।গতকাল বৃহস্পতিবার ২৩৪/২ নিউ এলিফ্যান্ট রোডে ইউনিক্লোর নতুন বিক্রয়কেন্দ্রে বসে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইউকিহিরো নিত্তা প্রথম আলোকে বলেন, ২০০৪ সাল থেকে ইউনূসের গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে ইউনিক্লো। এত দিন ধরে গ্রামীণ ব্যাংকের গ্রামের দরিদ্র নারী সদস্যদের মাধ্যমে সুলভমূল্যে বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে পণ্য বাজারজাত করা হতো। এখন সেটির পরিসর বড় করা হচ্ছে। ভবিষ্যতে প্রতিটি শহরে বিক্রয়কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। ইউকিহিরো নিত্তা জানান, সামাজিক ব্যবসার আওতায় প্রাথমিকভাবে ইউনিক্লো বাংলাদেশে প্রায় ৩৬ কোটি টাকা বা ৪.৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। পর্যায়ক্রমে বিনিয়োগের পরিমাণ বাড়ানো হবে। সেই সঙ্গে বছর শেষে যা মুনাফা হবে তা ‘সামাজিক ব্যবসার’ মূল ধারণা অনুযায়ী পুনর্বিনিয়োগ করা হবে। এতে ক্রমেই কর্মসংস্থান বাড়বে। ইউনূস প্রবর্তিত সামাজিক ব্যবসার মূল ধারণাই হলো—এই ধরনের ব্যবসা থেকে উদ্যোক্তারা কখনো মুনাফা গ্রহণ করতে পারবেন না। মুনাফার অর্থ পুনর্বিনিয়োগ করতে হবে। এদিকে নতুন বিক্রয়কেন্দ্র চালু উপলক্ষে প্রথম ১০০ জন ক্রেতাকে দেওয়া হবে একটি করে টি-শার্ট। ইউনিক্লোর কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে পুরুষ ও মেয়েদের মোট ৪২ ধরনের পোশাক বিক্রি হবে। এসব পণ্যের মধ্যে টি-শার্ট, জিন্স প্যান্ট, পাঞ্জাবি, শার্ট, মেয়েদের বিভিন্ন ধরনের পরিধেয় পোশাক। এসব পণ্যের দাম সর্বনিম্ন আড়াই ডলার বা ২০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে। ইউকিহিরো নিত্তা জানান, বিশ্বব্যাপী ইউনিক্লোর পণ্যের বৈশিষ্ট্য হচ্ছে উন্নত মান, বৈচিত্রপূর্ণ নকশা আর সুলভ মূল্য। বিশ্বের ১৪টি দেশে প্রতিষ্ঠানটির প্রায় ১২০০টি বিক্রয়কেন্দ্র রয়েছে। প্রসঙ্গত, ইউনিক্লো বিশ্বের অন্যতম পোশাক বাজারজাতকারী প্রতিষ্ঠান ফার্স্ট রিটেইলিংয়ের সহযোগী প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বার্ষিক রাজস্বের পরিমাণ প্রায় এক লক্ষ কোটি টাকা। ১৯৮৪ সালে জাপানের হিরোশিমা অঞ্চলের একটি গ্রামে একটি ছোট্ট দোকান থেকে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। এখন সেটি বিশ্বের সেরা ১০ পোশাক বাজারজাতকারী প্রতিষ্ঠানের একটি।