বাংলাদেশে ইতিহাদ এয়ারওয়েজের নতুন মহাব্যবস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন মহাব্যবস্থাপক হানিফ জাকারিয়া
নতুন মহাব্যবস্থাপক হানিফ জাকারিয়া

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান পরিবহন সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশে নতুন মহাব্যবস্থাপক নিয়োগ দিয়েছে। সম্প্রতি নতুন মহাব্যবস্থাপক হানিফ জাকারিয়া দায়িত্ব বুঝে নিয়েছেন বলে ইতিহাদ এয়ারওয়েজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইতিহাদ এয়ারওয়েজে যোগ দেওয়ার আগে হানিফ জাকারিয়া সাফি এয়ারওয়েজে উপসাগরীয়ভিত্তিক আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্রিটিশ এয়ারওয়েজের সৌদি আরব অফিসে কর্মজীবন শুরু করেন। একপর্যায়ে তিনি সৌদি পর্যটন এবং ভ্রমণ ব্যুরোর শাখা ম্যানেজারের দায়িত্ব পালন করেন। পরে তিনি চলে যোগ দেন আমিরাত এয়ারলাইনসে। আমিরাতে তিনি প্রধানত এয়ারলাইনস বাণিজ্যিক পরিচালনা খাতে দায়িত্ব পালন করেন ২০ বছর।

ইতিহাদ এয়ারওয়েজের চিফ কমার্শিয়াল অফিসার পিটার বাউমগার্টনার বলেন, ‘বিমান পরিবহন ও বাণিজ্যিক ব্যবস্থাপনায় হানিফ ৩০ বছরের অধিক সময়ের কাজের অভিজ্ঞতা নিয়ে এসেছেন ইতিহাদ এয়ারওয়েজে। বাংলাদেশি পর্যটনশিল্পে তাঁর ব্যাপক পরিচিতি আমাদের জন্য ইতিবাচক হবে, যা এই বাজারে আমাদের উপস্থিতিকে ক্রমান্বয়ে আরও জোরদার করে তুলবে। সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশে যাতায়াত করা যাত্রীসংখ্যা বাড়াতে এবং আমাদের দ্রুত বর্ধনশীল গ্লোবাল নেটওয়ার্কজুড়ে ভবিষ্যতে আরও অনেক গন্তব্যস্থল তৈরিতে হানিফ উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে আমি আশা করছি।’

২০০৬ সালে ইতিহাদ এয়ারওয়েজ ঢাকায় দৈনিক ফ্লাইট চালুর মাধ্যমে তাদের যাত্রা শুরু করে। এখন পর্যন্ত এই রুটে ১০ লাখের বেশি যাত্রী বহন করছে তারা।