বাংলাদেশে ইন্টারনেটের বাইরে ১৪ কোটি মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বর্তমান বিশ্বে ইন্টারনেট থেকে বঞ্চিত মানুষের সংখ্যা ৪০০ কোটি। এর মধ্যে বাংলাদেশে ইন্টারনেট থেকে বঞ্চিত মানুষ আছে ১৪ কোটি। সেই হিসাবে ইন্টারনেট থেকে বঞ্চিত একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম। জনসংখ্যার হিসাবে পিছিয়ে থাকলেও সার্বিকভাবে ইন্টারনেট ব্যবহারে ৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৬।
ইন্টারনেট ব্যবহার নিয়ে ‘ইনক্লুসিভ ইন্টারনেট ইনডেক্স: ব্রিজিং ডিজিটাল ডিভাইডস’ শীর্ষক এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারনেট ডট ওআরজির সহায়তায় গবেষণাটি করেছে যুক্তরাজ্যভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ২০০৫ সাল-পরবর্তী এক যুগে ইন্টারনেট ব্যবহারে একটি দেশ কতটা এগোল এবং এটি ব্যবহার করে সেই সব দেশের সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে, মূলত সে বিষয়টি গবেষণায় তুলে ধরা হয়েছে।
গবেষণায় অন্তর্ভুক্ত ৭৫টি দেশের ইন্টারনেট ব্যবহারের অবস্থান তুলে ধরতে একটি ক্রমতালিকা বা র্যাঙ্কিংও তৈরি করা হয়েছে। র্যাঙ্কিং তৈরিতে একটি দেশে ইন্টারনেট কতটা সহজলভ্য, সেবাটির দাম কেমন, ব্যবহারের যৌক্তিকতা ও বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা বিবেচনায় নেওয়া হয়েছে। চারটি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর ছিল। সব সূচকে আলাদা নম্বর যোগ করে ১০০তে প্রাপ্ত গড় নম্বরের ভিত্তিতে র্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, একক দেশ হিসেবে ভারতে সবচেয়ে বেশি ৮৬ কোটি ৪৭ লাখ ইন্টারনেট-বঞ্চিত মানুষ আছে। দ্বিতীয় স্থানে থাকা চীনে রয়েছে ৬৬ কোটি ৯ লাখ। ২০ কোটি ৭৩ লাখ ইন্টারনেট-বঞ্চিত মানুষ নিয়ে তালিকার ৩ নম্বরে আছে ইন্দোনেশিয়া, আর ৪ নম্বরে থাকা পাকিস্তানে আছে ইন্টারনেট-বঞ্চিত মানুষের সংখ্যা ১৫ কোটি ৮৫ লাখ। এরপরই ১৪ কোটি ১৫ লাখ ইন্টারনেট-বঞ্চিত মানুষ নিয়ে বাংলাদেশের অবস্থান ৫ নম্বরে। সারা বিশ্বে ইন্টারনেট-বঞ্চিত ৪০০ কোটি জনসংখ্যার মধ্যে অর্ধেকের বেশি ২০২ কোটি লোকের অবস্থান এই পাঁচটি দেশে। শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে নাইজেরিয়া, ইথিওপিয়া, কঙ্গো, মেক্সিকো ও ব্রাজিল।
বাংলাদেশের সরকারি হিসাবে, এ দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৬ কোটি ৭০ লাখ, যা দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ। আর গবেষণার হিসাব বিবেচনায় নিলে বাংলাদেশের ১৬ কোটি জনসংখ্যার ১৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের র্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে থাকা বাংলাদেশের সার্বিক স্কোর ৫৭ দশমিক ৮। এর মধ্যে ইন্টারনেট ব্যবহার সহজলভ্যতায় ৪৩ নম্বর নিয়ে বাংলাদেশ আছে ৫০ নম্বরে। ইন্টারনেটের ক্রয়ক্ষমতা সূচকে বাংলাদেশ রয়েছে ৩০ নম্বরে, স্কোর ৭৮। বাকি দুটি সূচকে বাংলাদেশের অবস্থান যথাক্রমে ৫৭ ও ৪৩।
র্যাঙ্কিং অনুযায়ী ইন্টারনেট ব্যবহারে সবচেয়ে উন্নত দেশ হলো সিঙ্গাপুর ও সুইডেন। দুটি দেশই ১০০-এর মধ্যে ৯০ দশমিক ৩ নম্বর পেয়েছে। ৮৮ দশমিক ২ নম্বর নিয়ে তালিকার ৩ নম্বরে আছে যুক্তরাষ্ট্র।
ইন্টারনেট ব্যবহারে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বড় ধরনের বৈষম্য রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই বৈষম্যের কারণ ব্যাখ্যায় বলা হয়েছে, যেসব দেশে ডিজিটাল অবকাঠামো যত উন্নত, সে দেশে ইন্টারনেট ব্যবহার তত বেশি।
ইন্টারনেট ব্যবহারে নারী-পুরুষের ব্যবধান এ ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য তৈরি করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘের ২০১৬ সালের হিসাব অনুযায়ী, সারা বিশ্বে পুরুষদের তুলনায় নারীরা ১২ শতাংশ কম ইন্টারনেট ব্যবহার করেন।
বৈষম্য কমিয়ে আনতে করণীয় সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, কম দামে ইন্টারনেট প্রাপ্তি নিশ্চিত হলেই এ বৈষম্য কমবে না। ইন্টারনেট ব্যবহার করে মানুষ যাতে তাঁদের জীবনের বিদ্যমান সমস্যার সমাধান করতে পারে, এমন উদ্যোগ বেশি করে নিতে হবে। এ জন্য প্রতিটি দেশের সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।