বাংলাদেশে ইসলামি ক্ষুদ্র অর্থায়ন ইনস্টিটিউট করতে চায় আইডিবি
বাংলাদেশে ইসলামি ক্ষুদ্র অর্থায়ন ইনস্টিটিউট স্থাপন করতে চায় ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি)। সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে।ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম (ডব্লিউআইইএফ) আয়োজিত গোলটেবিল আলোচনায় গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এসব তথ্য দেন। তিনি ইসলামি ক্ষুদ্রঋণবিষয়ক কর্ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। রাজধানীর র্যাডিসন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। গত সোমবার সন্ধ্যায় গোলটেবিলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। গতকাল তিনটি পৃথক কর্ম অধিবেশন হয়েছে। ডব্লিউআইইএফ ফাউন্ডেশন এবং সাউথ ইস্ট এশিয়ান কো-অপারেশন (সিয়াকো) ফাউন্ডেশন যৌথভাবে এ গোলটেবিলের আয়োজন করেছে। ইসলামি ক্ষুদ্রঋণবিষয়ক কর্ম অধিবেশনে আরও বক্তব্য দেন ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান, ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রতিনিধি ডেডং মুলজাওয়ান, আমানাহ ইখতিয়ার, মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জুবিধা ইসমাইল, এক্সিম ব্যাংকের পরিচালক নুরুল ফজল বুলবুল প্রমুখ। এতে সভাপতিত্ব করেন এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য আবুল হাসান এম সাদেক।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ইসলামি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে মুদ্রা পাচার বা মানি লন্ডারিং, হুন্ডি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন সম্পর্কে সতর্ক থাকতে হবে। দারিদ্র্য বিমোচনে ইসলামি ব্যাংকিং ও ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশেষ ভূমিকা রাখছে। আতিউর আরও বলেন, ব্যাংকিং খাতের মোট সম্পদ ও দায়ের এক-পঞ্চমাংশই হলো ইসলামি ব্যাংকগুলোর। আর ইসলামি ক্ষুদ্র অর্থায়নের প্রবৃদ্ধিও বেশ ভালো। গভর্নর জানান, ২০১১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত দেশে ইসলামি ক্ষুদ্রঋণ বা অর্থায়নের পরিমাণ ছিল চার হাজার ৬২০ কোটি টাকা, যা মোট ইসলামি অর্থায়নের ৮ দশমিক ৩৮ শতাংশ। আর ২০০৯ সালের একই সময়ে এর পরিমাণ ছিল দুই হাজার ৮০০ কোটি টাকা, যা ইসলামি অর্থায়নের দশমিক ৯৩ শতাংশ। জুবিধা ইসমাইল বলেন, ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে বাংলাদেশ বেশ ভালো করছে। এতে সম্পদের সুষম বণ্টনের পাশাপাশি বৈষম্য কমছে। ক্ষুদ্র অর্থায়নে কোনো জামানত দিতে হয় না, এখানে গ্রাহকের শারীরিক উপস্থিতিই জামানত হিসেবে কাজ করে। এ ছাড়া গতকাল জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও বেসরকারি খাতে শিক্ষাবিষয়ক দুটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা বক্তব্য দেন।