বাংলাদেশে উৎপাদন কেন্দ্র গড়ে ভারতে পুনঃ রপ্তানির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। সে কারণে এ দেশে উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে আগ্রহী ভারতের ব্যবসায়ীরা। এ দেশে পণ্য উৎপাদন করে তাঁরা নিজ দেশে পুনঃ রপ্তানি করতে চান। ঢাকায় চলমান তিন দিনব্যাপী ‘ইন্ডিয়া শো’র অংশ হিসেবে ‘বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় দুই দেশের ব্যবসায়ীরা এ কথা বলেন।রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এ বৈঠকের আয়োজন করে দুই দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত সোমবার শুরু হওয়া ইন্ডিয়া শো আজ শেষ হবে।সেমিনারের অতিথি ভারতের বাণিজ্যসচিব এস আর রাও বলেন, আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা হবে। বাংলাদেশের মূল্য সংযোজন, রপ্তানি, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন প্রতিবছরই বাড়ছে। এ জন্য দুই দেশের মধ্যে এখন প্রতিযোগিতার চেয়ে সহযোগিতাই বেশি প্রয়োজন।ভারতের বিনিয়োগকারীরা বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করছেন উল্লেখ করে দেশটির বাণিজ্যসচিব বলেন, বাংলাদেশে খুবই কম খরচে সবচেয়ে ভালো মূল্য সংযোজনে পণ্য উৎপাদন করা হচ্ছে। তাই ভারতের ব্যবসায়ীদের উচিত বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের দিকে আরও নজর দেওয়া।দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন এফআইসিসিআইয়ের সভাপতি রাজ্য বর্ধন কানোরিয়া। এগুলোর মধ্যে অন্যতম হলো: ভারতের ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি বহুমুখী ভিসা চালু, সহজে পণ্য পরিবহন করতে বহুমুখী পরিবহনব্যবস্থা চালু, ভারতীয় বিনিয়োগকারীদের জন্য এ দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন ইত্যাদি। ইন্দো-বাংলা চেম্বারের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘রপ্তানি করার মতো পর্যাপ্ত পণ্য আমাদের নেই। আমরা যেসব পণ্য রপ্তানি করি, সেসব পণ্য ভারতও উৎপাদন করে।’এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, বিনিয়োগের ক্ষেত্র হিসেবে এশিয়ার যেকোনো দেশের চেয়ে বাংলাদেশ ভালো জায়গা। এ দেশের প্রবৃদ্ধির হার ভালো। পর্যাপ্ত সস্তা শ্রম আছে এখানে। এ দেশি পণ্য ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পায়। এটি ১৬ কোটি মানুষের এক বিশাল বাজার।বিনিয়োগ বোর্ডের উপপরিচালক আরিফ আহমেদ এক প্রবন্ধে বলেন, ভারতের ব্যবসায়ীরা এ দেশের বিনিয়োগ বোর্ডে ৭৬ কোটি ৩৬ লাখ ডলারের বিনিয়োগ নিবন্ধন করেছেন। এর মধ্যে শতভাগ বিদেশি বিনিয়োগের পরিমাণ ২৩ কোটি ডলারের। যৌথ উদ্যোগে নিবন্ধিত হয়েছে ৫৩ কোটি ৮৭ লাখ ডলারের বিনিয়োগ। বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে তিনি জানান, ২০০৭ সালে এ দেশে ভারতীয় বিনিয়োগ এসেছিল ১৬ লাখ ডলারের। ২০১১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৫৭ লাখ ডলারে।