বাংলাদেশে এ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.১ থেকে ৬.৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চলতি ২০১০-১১ অর্থবছরে ৬ দশমিক ১ থেকে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে।বাংলাদেশের চলতি অর্থবছরের প্রথম তিন মাসের অর্থনীতির সামগ্রিক অগ্রগতি বিবেচনা করে বিশ্বব্যাংক এই পূর্বাভাস দিয়েছে। তবে সংস্থাটি মনে করে, প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে রয়েছে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি করা। স্বল্প মেয়াদে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সরকার যে কুইক রেন্টাল চুক্তি করেছে, তাতে রাজস্ব আয়ের ওপর বড় ধরনের চাপ পড়বে। এ জন্য সরকারকে অতিরিক্ত প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। তাই স্বল্প মেয়াদি সমাধান নয়, দীর্ঘ মেয়াদি রোডম্যাপ অনুসারে বিদ্যুৎ সমস্যার সমাধানে জোর দিতে হবে।বিশ্বব্যাংকের মতে, মূল্যস্ফীতিকে সহনীয় মাত্রায় রাখাও সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমানে তা কিছুটা অস্থিতিশীল রয়েছে। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা করতে গিয়ে ডলার কিনে অভ্যন্তরীণ বাজারে বেশি পরিমাণে মুদ্রা সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে মুদ্রাস্ফীতির ওপর চাপ বেড়েছে।রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে গতকাল বুধবার বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি তুলে ধরার সময় বিশ্বব্যাংকের পক্ষ থেকে এসব অভিমত তুলে ধরা হয়। এতে বাংলাদেশের অর্থনীতির নানা দিক তুলে ধরেন বিশ্বব্যাংকের স্থানীয় কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া ও সিনিয়র অর্থনীতিবিদ জাহিদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন।এলেন গোল্ডস্টেইন বলেন, ‘এ বছর বেসরকারি বিনিয়োগের মন্দা কিছুটা কাটতে শুরু করেছে। সরকার অর্থনৈতিক অঞ্চল আইন পাস করার উদ্যোগ নিয়েছে। পিপিপি গাইড লাইন তৈরি হয়েছে। অবকাঠামো উন্নয়নের জন্য তহবিল গঠন করা হয়েছে। এসব সংস্কার-উদ্যোগ বেসরকারি খাতে গতি আনতে সহায়তা করবে। তবে বাংলাদেশ যদি সাত থেকে আট শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে চায়, তাহলে আরও বড় ধরনের সংস্কারে হাত দিতে হবে।সঞ্জয় কাঠুরিয়া বলেন, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ১ থেকে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। তবে অর্থনীতিতে বেশ কিছু ঝুঁকিও আছে। যেমন—সরকার বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর জন্য যেসব চুক্তি করেছে, জাতীয় গ্রিডে সময়মতো তা নিয়ে আসা, রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের প্রবাহ কিছুটা কমে যাওয়া; মুদ্রার প্রকৃত বিনিময় হার আরও কিছুটা বেড়ে যাওয়া। এ ছাড়া যদি বিশ্ব-অর্থনীতি মন্দা থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে প্রত্যাশিত প্রবৃদ্ধির হারে পরিবর্তন আসতে পারে।জাহিদ হোসেন বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘গত বছর সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। নানা বিতর্কের পর যেসব হিসাব দাঁড়িয়েছে, তা ৫ দশমিক ৮ শতাংশ হবে। তবে মূল্যস্ফীতি বেড়েছে। ইদানীং তা কিছুটা অস্থিতিশীল রয়েছে। মুদ্রানীতি ছিল সমন্বয়মূলক। তবে বিশ্বমন্দার মধ্যেই বাংলাদেশ ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। এর প্রধান চালিকাশক্তি ছিল ভোক্তাব্যয়, রেমিট্যান্স বা প্রবাস-আয় ও গ্রামীণ অর্থনীতির চাঙা অবস্থা।তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া। সেটি করতে না পারলে অর্থনীতিতে বিনিয়োগ গতি পাবে না বলে তিনি মন্তব্য করেন।