এ বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ চাল উৎপাদিত হবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)।সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশে চালের উৎপাদন তিন কোটি ৪০ লাখ মেট্রিক টন হতে পারে। এর চেয়ে দুই লাখ টন কম চাল উৎপাদিত হবে বলে গত মাসে সংস্থাটি পূর্বাভাস দিয়েছিল।বিশ্বব্যাপী চাল উৎপাদনের পরিস্থিতি নিয়ে গত বুধবার একটি প্রতিবেদন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সংস্থা ইউএসডিএ। এই প্রতিবেদন সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া হয়েছে।ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর বিশ্বে চাল উৎপাদিত হবে ৪৬ কোটি ৫৮ টন, গত মাসের পূর্বাভাসের তুলনায় যা কয়েক টন বেশি। মূলত বাংলাদেশ, নেপাল, বলিভিয়া ও ইউক্রেনে চাল উৎপাদনের পরিস্থিতি ভালো হওয়ায় এমন পূর্বাভাস দিচ্ছে সংস্থাটি।এদিকে বিশ্বব্যাপী চলতি অর্থবছরে চালের ব্যবহারও আগের চেয়ে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। সংস্থাটির মতে, এ বছর বিশ্বে চালের ব্যবহার হবে ৪৬ কোটি ৯৩ লাখ টন। এর চেয়ে সাত লাখ টন কম ব্যবহূত হবে বলে গত মাসে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি।যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় এই কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী, চাষাবাদের উন্নয়নের কারণে দক্ষিণ এশিয়ার দেশ নেপালে চালের উৎপাদন এক লাখ টন বাড়তে পারে। এতে দেশটির মোট উৎপাদন দাঁড়াবে ৩০ লাখ টনে।ধান চাষের জমির পরিমাণ বৃদ্ধি এবং উচ্চফলনের কারণে বলিভিয়ায় চাল উৎপাদন ৭৪ হাজার টন বাড়তে পারে। মোট উৎপাদন গিয়ে দাঁড়াতে পারে তিন লাখ ৬৪ হাজার টন।এ ছাড়া ইউক্রেনে উৎপাদন বাড়তে পারে তিন হাজার টন। দেশটির চালের মোট উৎপাদন হতে পারে ১০ লাখ তিন হাজার টন।তবে কয়েকটি দেশে আগের পূর্বাভাসের চেয়ে চাল কম উৎপাদিত হতে পারে বলেও পূর্বাভাস দিচ্ছে ইউএসডিএ। দেশগুলো হলো: আর্জেন্টিনা, পানামা, লাওস ও রাশিয়া।প্রতিবেদনে বলা হয়েছে, ধান লাগানোর মৌসুমে অতিবৃষ্টির কারণে আর্জেন্টিনায় এ বছর ৩২ হাজার টন ফলন কমে যেতে পারে। সংস্থাটির আগের পূর্বাভাসে বলা হয়েছিল, দেশটিতে এ বছর চাল উৎপাদিত হবে ১০ লাখ ৮০ টন।উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও পানিস্বল্পতায় পানামায় ধান চাষের উপযোগী জমির পরিমাণ কিছুদিন ধরে কমছে। সে কারণে দেশটির চাল উৎপাদন এ বছর কমতে পারে ৩৪ হাজার টন। মোট চাল উৎপাদিত হতে পারে এক লাখ ৭৫ হাজার টন।লাওসে চাল উৎপাদনের পরিমাণ কমে যেতে পারে ৫৫ হাজার টন। দেশটিতে চালের উৎপাদন দাঁড়াবে ১০ লাখ ৪৮ হাজার টন। রাশিয়াতে উৎপাদন কমতে পারে দুই হাজার টন। এতে দেশটির মোট উৎপাদন দাঁড়াবে ছয় লাখ ৮৩ হাজার টনে।কমবে চালের বাণিজ্য: ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে বিশ্বে মোট তিন কোটি ৭১ লাখ টন চাল আমদানি-রপ্তানি হবে। গত মাসে সংস্থাটি যে পূর্বাভাস দিয়েছিল, তার চেয়ে এটি দুই লাখ টন কম। আর আগের বছরের চেয়ে কম ১৯ লাখ টন।ইন্দোনেশিয়া, মিসর, ব্রাজিল ও বলিভিয়া এ বছর কম চাল আমদানি করবে। তবে চীন, ইরাক ও পানামার চাল আমদানি বাড়বে। অন্যদিকে এ বছর চীন, আর্জেন্টিনা ও রাশিয়া আগের তুলনায় কম চাল রপ্তানি করবে।ইউএসডিএ বলছে, এ বছর বাংলাদেশে চাল আমদানি আগের তুলনায় কমবে। ২০১২ সালে দেশটি মাত্র ৩০ হাজার টন চাল আমদানি করেছিল। আগের বছর আমদানির পরিমাণ ছিল দুই লাখ ১০ হাজার টন। ১৯৯১ সালের পর এটিই বাংলাদেশের সর্বনিম্ন চাল আমদানি।