বাংলাদেশে এক কোটি ডলার বিনিয়োগ করবে ডিএইচএল
পণ্য পরিবহনসহ বিভিন্ন আনুষঙ্গিক সেবা (লজিস্টিক) খাতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডিএইচএল এবং তাদের এ দেশীয় ব্যবসায়ী সহযোগী প্রতিষ্ঠান ট্রেড ক্লিপারস কার্গো লিমিটেড যৌথভাবে এক কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং বাংলাদেশ নামে একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের জন্য চুক্তি করেছে।রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার প্রতিষ্ঠান দুটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানান। এ সময় তাঁরা বলেন, নতুন যৌথ উদ্যোগ এ অঞ্চলের প্রতি ডিএইচএলের অঙ্গীকারের বহিঃপ্রকাশ। এটি দক্ষিণ এশীয়ায় তাদের বর্তমান কার্যক্রমের সম্পূরক হিসেবে কাজ করবে, যা ফ্যাশন লজিস্টিক-শিল্পে সেবার মান ও সক্ষমতা আরও জোরদার করতে সহায়ক হবে। ফলে দেশের পোশাকশিল্পে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিংয়ের দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদু দিয়ালো। এ সময় প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস টাইবার এবং ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহম্মেদ উপস্থিত ছিলেন।আমাদু দিয়ালো বলেন, দক্ষিণ এশিয়া বিশ্বব্যাপী ফ্যাশনশিল্পের জন্য প্রয়োজনীয় উপকরণের প্রধান প্রস্তুত ও সরবরাহকারী কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। পাশাপাশি ফ্যাশন লজিস্টিক খাতে ব্যাপক প্রসার ঘটেছে। এ খাতে আরও দক্ষতা বাড়াতে নবগঠিত প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ডিএইচএলের কর্মকর্তা আরও বলেন, এ প্রতিষ্ঠানের মাধ্যমে আকাশ ও সমুদ্র পরিবহনসেবার পাশাপাশি কাস্টম থেকে পণ্য ছাড় করাসহ অন্যান্য সেবা দেওয়া হবে। এ জন্য বিমানবন্দরের কাছাকাছি ৭০ হাজার বর্গফুটের ওয়্যার হাউস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দ্রুত মালামাল পরিবহন ও বিতরণের ব্যবস্থার মাধ্যমে সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা যায়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যাশনশিল্পের সম্পূর্ণ লজিস্টিক ভ্যালু চেইন ডিএইচএল সেবার অন্তর্ভুক্ত থাকছে। এর মধ্যে পণ্য ক্রয় ও নমুনায়ন, উত্পাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ফ্যাশন কোম্পানির বুটিকগুলোতে সরাসরি মাল সরবরাহও রয়েছে।একই সঙ্গে প্রান্ত থেকে প্রান্তসেবার মধ্যেও সরবরাহসেবা, উত্পত্তিস্থল ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থাপনা, গন্তব্য ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক সেবা অন্তর্ভুক্ত। এ ছাড়া গ্রাহকদের বিশেষ প্রয়োজন মেটাতে ডিএইচএল খাতভিত্তিক সেবাও দেবে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফ্যাশন ও পোশাক খাতে ডিএইচএলের কিছু ব্যতিক্রমী সেবা রয়েছে। এর মধ্যে একটি হলো তৈরি পোশাক ঝুলন্ত অবস্থায় পরিবহনের ব্যবস্থা। এতে স্থানান্তরের সময় পোশাক সম্পূর্ণ সুরক্ষিত থাকে। এ ছাড়া মূল্য সংযোজিত সেবার মধ্যে রয়েছে লেবেলিং, মান নিশ্চিতকরণ ইত্যাদি।সংবাদ সম্মেলনের পর ফ্যাশন ও পোশাকশিল্প খাতে পণ্য সবরাহসুবিধা দিতে ঢাকায় ‘ডিএইচএল ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল সেন্টার ফর এক্সেলেনস’ নামের সেবাকেন্দ্রটি আনুষ্ঠিকভাবে উদ্বোধন করা হয়। ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ায় এটি ডিএইচএলের এ ধরনের চতুর্থ সেন্টার।কেন্দ্রটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। এ সময় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান লুতফুল হাই এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন।