বাংলাদেশে এমএনপি এ বছরই
ব্যবহূত মুঠোফোন নম্বরটির পরিবর্তন না করে নিজের পছন্দমতো মুঠোফোন অপারেটরের সেবা বেছে নেওয়ার সুযোগ সৃষ্টির জন্য এ বছরই বাংলাদেশে এমএনপি লাইসেন্স প্রক্রিয়া শুরু করবে সরকার।এমএনপি বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি হলো এমন সেবা, যেখানে যেকোনো একটি অপারেটরের (যেমন: গ্রামীণফোন) গ্রাহক তাঁর নির্দিষ্ট সিরিয়ালের নম্বর (০১৭) বজায় রেখেই অন্য অপারেটরের (বাংলালিংক কিংবা রবি) সেবা বেছে নিতে পারবেন।এজন্য তাঁকে নতুন করে অন্য অপারেটরের (বাংলালিংক বা রবি) সংযোগ কিনতে হবে না। নতুন এই বছরে (২০১১) গেটওয়ে লাইসেন্স প্রক্রিয়ার পরই এমএনপি লাইসেন্স প্রক্রিয়ার কাজ শুরু করবে সরকার।এ প্রসঙ্গে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমদ রাজু বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে সব ধরনের নতুন প্রযুক্তিকে স্বাগত জানাতে হবে। বাংলাদেশের জন্য এমএনপিও তাই। প্রতিবেশী দেশগুলোর উন্নয়ন দেখে আমরাও জানছি, শিখছি এবং বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি।’বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেছেন, ‘২০১১ সালের মাঝামাঝি নাগাদ এমএনপি সেবা চালু করা যাবে। আমাদের প্রতিবেশী দেশ ভারত ২০১১-এর শুরুতেই এ পদ্ধতি চালু করবে। পাকিস্তানসহ আরও অনেক দেশেই ইতিমধ্যে এ পদ্ধতি চালু হয়েছে। তবে বাংলাদেশে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার বিষয় রয়েছে।’জিয়া আহমেদ ব্যাখ্যা করে জানান, সবগুলো মুঠোফোন কোম্পানিকে এক ‘প্ল্যাটফর্মে’ আনতে হবে। অপারেটরদের সঙ্গে গ্রাহকদের দেনা-পাওনা তদারকির জন্য একটি দক্ষ হিসাবরক্ষণ সেল খুলতে হবে। জাতীয় ডেটাবেইসের সঙ্গে কমিশনের ডেটাবেইস সংযুক্ত করে, তাতে সব মুঠোফোন গ্রাহকের তথ্য সংরক্ষণ করতে হবে। তাই এমএনপি চালুর পদ্ধতিগুলো সক্রিয় খুব বেশি সময় না লাগলেও দাপ্তরিক জটিলতায় কিছুটা সময় লাগতে পারে। বিটিআরসি সূত্র জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকেই দেশের সরকারি পর্যায়ে এ নিয়ে প্রাথমিক আলাপ-আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা এসে বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে তাঁদের অভিজ্ঞতাও ভাগ করছেন। এ বিষয়ে গত ২৮ সেপ্টেম্বর বিটিআরসির কার্যালয়ে একটি বিশেষ প্রতিবেদনও উপস্থাপন করেছেন পাকিস্তানি বিশেষজ্ঞ শহীদ কলিম। বাংলাদেশ সফরকালে শহীদ কলিম প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘গ্রাহক চাহিদা কখনোই পরিপূর্ণ হয় না। তাই তাঁরা প্রতিটি অপারেটরের সংযোগ কিনে রাখতে চান। ফলে একেকজনের হাতে দুটি বা তিনটি বা চারটি সংযোগ রয়েছে। এগুলো কোম্পানি ও সরকার উভয়ের জন্যই অপচয়।’ এ ধরনের জাতীয় সম্পদ অপচয় রোধে ও মুঠোফোন অপরাধ কমাতেও এমএনপির বিশেষ ভূমিকা রয়েছে বলে জানান তিনি।১৯৯৭ সালে প্রথমে সিঙ্গাপুরে এ পদ্ধতির প্রচলন হয়। বর্তমানে ভারত, পাকিস্তান, জর্ডান, কাতারসহ মোট ৪৫টি দেশে এই এমএনপি পদ্ধতি চালু হয়েছে বা চালুর প্রক্রিয়াধীন রয়েছে।তবে এমএনপি সেবা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রীলঙ্কাভিত্তিক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির গবেষণা প্রতিষ্ঠান লার্নএশিয়া। গত বছরের এপ্রিল মাসে প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির গবেষণা দলের প্রধান তাহানি ইকবাল জানান, দক্ষিণ এশিয়ার মুঠোফোন গ্রাহক, বিশেষ করে স্বল্প আয়ের জনগোষ্ঠীর মাঝে এমএনপি সেবা গ্রহণের সম্ভাবনা খুবই কম।