বাংলাদেশে এমিরেটসের ৩০ বছর পূর্তি

দুবাইভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস সম্প্রতি বাংলাদেশে তাদের কার্যক্রমের ৩০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর ওয়েস্টিন ঢাকা হোটেলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং ট্রাভেল ট্রেড পার্টনারদের সম্মানে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার খালিদ আলী জে হাসান। এতে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল শাহী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে এমিরেটসের মার্কেটিং কমিউনিকেশনস বিভাগের সরদার খান, আঞ্চলিক ব্যবস্থাপক (বাণিজ্যিক কার্যক্রম) গৌরব পাণ্ডেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কার্যক্রমের ৩০ বছর উপলক্ষে একটি কেক কাটা হয়।
খালিদ হাসান বলেন, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে এমিরেটসের সম্পৃক্ততা গভীর। এ দেশে এমিরেটসের সাফল্যের পেছনে রয়েছে এখানকার সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ট্রাভেল ট্রেড পার্টনার ও গণমাধ্যমের অব্যাহত সমর্থন ও সহযোগিতা।
খালিদ হাসান জানান, বাংলাদেশে ১৯৮৫ সালে যাত্রা শুরু করে এমিরেটস। পরের বছরে দুটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে শুরু হয় তাদের উড্ডয়ন কার্যক্রম। ঢাকা ছিল এ বিমান সংস্থার আন্তর্জাতিক নেটওয়ার্কে সপ্তম গন্তব্য। বর্তমানে এমিরেটস বাংলাদেশ থেকে দৈনিক ৩টি ফ্লাইট পরিচালনা করছে।
বর্তমানে এমিরেটসের বহরে রয়েছে সর্বাধুনিক ২৫৬টি সুপরিসর উড়োজাহাজ। আর বিশ্বব্যাপী এমিরেটসের নেটওয়ার্কে আছে ৮৩টি দেশের ১৫৪ গন্তব্য।
অনুষ্ঠানে কার্যক্রমের ৩০ বছর উপলক্ষে একটি কেক কাটা হয়। এতে আয়োজিত র্যাফল ড্রতে দুজন বিজয়ী ঢাকা থেকে বার্সেলোনা ও জাগরেবের দ্বিমুখী টিকিট লাভ করেন। িবজ্ঞপ্তি