বাহরাইনের প্রথম বেসরকারি খাতে জাতীয় বিমান সংস্থা বাহরাইন এয়ার ঢাকা ও চট্টগ্রাম থেকে বিমান চালাবে। গত মঙ্গলবার বাহরাইন থেকে ঢাকায় প্রথম বিমান আসে এবং একই দিনে ফেরতও গেছে। ২২ মার্চ চট্টগ্রাম থেকে ফ্লাইট চালানো শুরু হবে। প্রাথমিক অবস্থায় ঢাকা থেকে সপ্তাহে তিনটি ও চট্টগ্রাম থেকে সপ্তাহে চারটি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল বুধবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসব তথ্য জানান। রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাহরাইন এয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম এ আলহামের, বিমান সংস্থার বাংলাদেশে জিএসএ ফ্লাইট লিংক লিমিটেডের চেয়ারম্যান আবদুল কাদির, ব্যবস্থাপনা পরিচালক এম এ চৌধুরী। এ সময় বাহরাইন এয়ারের ব্যবস্থাপক (নিরাপত্তা ও করপোরেট অ্যাফেয়ার্স) এ আজিজ ইউসুফ আলসায়ের, ইসলামিয়া ওভারসিজের পরিচালক হানিফ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ইব্রাহিম এ আলহামের বলেন, ঢাকা ও চট্টগ্রাম থেকে বাহরাইনে সরাসরি বিমান চালানো হবে। মঙ্গলবার বাহরাইন থেকে প্রথম ফ্লাইটটি ঢাকায় এসে ফিরে গেছে। ২২ মার্চ চট্টগ্রাম থেকে বিমান উড়তে শুরু করবে।ইব্রাহিম এ আলহামের বলেন, এ বিমান চালুর ফলে বাংলাদেশের সঙ্গে বাহরাইনের যোগাযোগ আরও বাড়বে। তাছাড়া বাহরাইনের শ্রমবাজারে বেশি লোকের কাজের সুযোগ সৃষ্টি হবে। বাহরাইন এয়ারের বিমানগুলো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও চালানো হয়, যা বাংলাদেশি শ্রমিকদের জন্য অনেক উপকার হবে। ইব্রাহিম এ আলহামের বলেন, ঢাকা হবে বাহরাইন এয়ারের ২০তম এবং চট্টগ্রাম হবে ২১তম গন্তব্য। এ ছাড়া আবুধাবি, দাম্মাম, দোহা, দুবাই, জেদ্দা, কুয়েত, রিয়াদ, বাগদাদ, বৈরুত, দামাসকাস, খার্তুম, মাসহাদ, নাজাফ প্রভৃতি রুটে বাহরাইন এয়ারের বিমান চালানো হয়ে থাকে।ইব্রাহিম এ আলহামের আরও বলেন, সাশ্রয়ী বিমান (বাজেট) হলেও অন্যদের থেকে বাহরাইন এয়ারের সেবায় অনেক পার্থক্য থাকবে। ঢাকা থেকে একেবারেই নতুন বিমান ছাড়া হবে। তা ছাড়া সাধারণত সাশ্রয়ী বিমানে খাওয়ার ব্যবস্থা থাকে না। কিন্তু বাহরাইন এয়ারে থাকবে। অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম থেকে ১৩২ ও ১৬২ আসনের এয়ারবাস চালানো হবে। বিমানে প্রথম শ্রেণী ও ইকোনমি শ্রেণীর আসন থাকবে।