বাংলাদেশে এসে পাল্টে যাচ্ছে রপ্তানিকারক দেশের নাম
বাজারে মিয়ানমার থেকে আমদানি করা ছোলার দাম সবচেয়ে বেশি। এই ছোলা আবার খুচরায় সব দোকানেই বিক্রি হচ্ছে। কেজিপ্রতি দর সর্বোচ্চ ৯০ টাকা। অথচ ছোলা আমদানির একমাত্র রুট চট্টগ্রাম বন্দরের তথ্যানুযায়ী, বাজারে মিয়ানমার থেকে ছোলা এসেছে সবচেয়ে কম। চট্টগ্রাম বন্দরে গত প্রায় দুই মাসে ৪৯ কার্যদিবসে খালাসের তথ্যানুযায়ী, এ সময়ে ৪০ হাজার ৪৫৩ টন ছোলা আমদানি হয়। এর মধ্যে মিয়ানমার থেকে আসে মাত্র পাঁচ হাজার ৫৭৬ টন, যা মোট আমদানির মাত্র সাড়ে ১৩ শতাংশ। ছোলা রপ্তানিকারক দেশ ইথিওপিয়া থেকে এসেছে মাত্র ২৪০ টন। আর বাকি সব অর্থাৎ ৮৬ শতাংশই ছোলা আমদানি হয় অস্ট্রেলিয়া থেকে।আমদানিকারকেরা জানান, মিয়ানমারের ছোলার আমদানিমূল্য বেশি। এ কারণে খুচরা বাজারে সবাই অস্ট্রেলিয়ার ছোলাও মিয়ানমারের ছোলা হিসেবে বিক্রি করে। ছোলার মতো এমন অবস্থা আছে চিনিতেও। চট্টগ্রাম বন্দর দিয়ে মে থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত আমদানি হওয়া পরিশোধিত ও অপরিশোধিত চিনির ৬০ শতাংশই এসেছে ভারত থেকে। এর বাইরে ব্রাজিল থেকে এসেছে সাড়ে ৩৪ শতাংশ এবং সাড়ে ৫ শতাংশ থাইল্যান্ড থেকে আমদানি হয়। এ সময়ে পরিমাণের হিসাবে ভারত থেকে পৌনে দুই লাখ টন, ব্রাজিল থেকে প্রায় এক লাখ টন এবং থাইল্যান্ড থেকে সাড়ে ১৬ হাজার টন পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানি হয়। দেশবন্ধু সুগার রিফাইনারির চেয়ারম্যান গোলাম মোস্তফা সম্প্রতি প্রথম আলোর কাছে দাবি করেন, দেশের শোধন কারখানাগুলো ভালোভাবে শোধন করে চিনি বাজারজাত করে। কিন্তু ভারত থেকে যেসব প্রস্তুত চিনি আমদানি হয়, সেগুলো অনেক ক্ষেত্রে ভালোভাবে শোধন করা হয় না। এ কারণে এখন ক্রেতারাও অনেক সচেতন। তাঁরা দেশীয় কারখানার শোধন করা চিনি বেশি কিনছেন বলে তিনি দাবি করেন। খুচরায় সুপার পাম তেলকে সয়াবিন হিসেবে বিক্রির তথ্য অনেক পুরোনো। নতুন তথ্য হচ্ছে, মালয়েশিয়ান পাম তেল হিসেবে বিক্রি করা পাম তেলের সিংহভাগই আসছে ইন্দোনেশিয়া থেকে। দুই মাসের হিসাবে এ হার প্রায় ৬২ শতাংশ। গত দুই মাসে শোধিত ও অশোধিত আকারে পাম তেল আমদানি হয় এক লাখ ৮২ হাজার টন। এর মধ্যে এক লাখ ১৩ হাজার টনই আসে ইন্দোনেশিয়া থেকে। মালয়েশিয়া থেকে আসে প্রায় ৬৯ হাজার টন।আবার গত দুই মাসের তথ্যানুযায়ী, মোট সয়াবিন ও পাম তেলে আমদানির ৭৪ শতাংশই পাম তেল। মাত্র ২৫ শতাংশ আমদানি হয় সয়াবিন। কিন্তু চট্টগ্রামের ১৫টি খুচরা বাজারে গুটিকয়েক দোকানেই শুধু পাম তেল বিক্রি হচ্ছে।জানতে চাইলে পাহাড়তলী পাইকারি বাজার ব্যবসায়ী সমিতির সহসাধারণ সম্পাদক মোজাহের আলম প্রথম আলোকে বলেন, মিয়ানমারের ছোলা সব দোকানেই বিক্রি হয়। আবার পাম তেল বিক্রি হয় মালয়েশিয়া থেকে আমদানি হয়েছে বলে। এসব পণ্য দেখতে খুব বেশি পার্থক্য না হওয়ায় এভাবে বিক্রির সুযোগ থাকে বলে তিনি মনে করেন।এসব পণ্যের মতো মসুর ডাল সবচেয়ে বেশি আসছে কানাডা ও অস্ট্রেলিয়া থেকে। গত দুই মাসে বন্দর দিয়ে এ দুই দেশ থেকে সাড়ে ৩১ হাজার টন মসুর ডাল আমদানি হয়। আমদানি মূল্যও কম। নেপাল থেকে স্থলবন্দর দিয়ে সামান্য পরিমাণে নেপাল থেকে মসুর ডাল আমদানি হচ্ছে। তবে বাজারে নেপালি মসুর ডালের দাম বেশি হওয়ায় অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আমদানি করা মসুর ডাল ভালোভাবে খোসা ছাড়িয়ে নেপালের মসুর ডাল হিসেবে বিক্রির ঘটনাও আছে।